
প্রীতম চক্রবর্তী
শেষ আপডেট: 9 February 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় সুরকার প্রীতম চক্রবর্তী-র অফিস থেকে ৪০ লাখ টাকা চুরি হয়ে গেছে। এই চুরির অভিযোগ উঠেছে তাঁরই এক কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই মালাড থানায় এফআইআর দায়ের করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযোগ দায়ের করেছেন প্রীতমের ম্যানেজার বিনীত ছেদা। পুলিশের কাছে তিনি জানিয়েছেন, প্রীতমের এক অফিস সহকারী, আশিস সায়াল (৩২), এই ঘটনার মূল অভিযুক্ত।
গত মঙ্গলবার, প্রযোজক মধু মান্তেনা-র অফিস থেকে একজন প্রীতমের স্টুডিওতে আসেন এবং ৪০ লাখ টাকা নগদ দিয়ে যান। সেই টাকা গুনে একটি ট্রলি ব্যাগে রাখেন ম্যানেজার ছেদা। তখন স্টুডিওতে আশিস সায়াল ছাড়াও আরও দু'জন কর্মী, আহমেদ খান ও কামাল দিশা, উপস্থিত ছিলেন।
এরপর নথিপত্রে সই করানোর জন্য প্রীতমের বাড়িতে যান ছেদা। রাত সাড়ে ১০টা নাগাদ ফিরে দেখেন, ব্যাগটি নেই। তিনি যখন আহমেদ খানকে জিজ্ঞাসা করেন, তখন খান জানান, আশিস ব্যাগটি নিয়ে গেছেন, বলেছিলেন প্রীতমের বাড়িতে পৌঁছে দেবেন।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পর আশিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। প্রথমে প্রীতম অপেক্ষা করতে বলেন, কারণ অভিযুক্ত দীর্ঘদিন তাঁর অফিসে কাজ করছিল। তবে বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও কোনও খোঁজ না মেলায় শেষমেশ পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৮১ ধারা (কর্মচারী কর্তৃক মালিকের সম্পত্তি চুরির অপরাধ)-তে মামলা রুজু করেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে ধরতে একাধিক দল টিম তৈরি করা হয়েছে। পাশাপাশি, স্টুডিওতে উপস্থিত অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার প্রীতম চক্রবর্তী বলিউডের বহু জনপ্রিয় ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। তাঁর সুরেই তৈরি হয়েছে ব্রহ্মাস্ত্র, ডানকি, লুডো-র মতো বহু জনপ্রিয় সিনেমার গান।