
শেষ আপডেট: 7 December 2023 15:21
ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে আর কোন অভিনেতা-অভিনেত্রী জুটি হিসেবে ৫০টি ছবি একসঙ্গে করেছেন, তা জানা নেই। বাংলা ছবি তো বটেই, ভারতীয় ছবির ক্ষেত্রেও এটি একটি রেকর্ড। বিশ্ব চলচ্চিত্র ইতিহাসেও যা বিরল, এমন উদাহরণ খুঁজে পাওয়া ভার। সেই বিরলতম ঘটনাকে সত্যি করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। এই জুটির ৫০তম ছবি হতে চলেছে এটি। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে ছবির নাম কী?
বুধবার কলকাতার পার্ক স্ট্রিটের 'ফ্লুরিস'-এ ছবির প্রথম আনুষ্ঠানিক ঘোষণা ও পোস্টার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল। এই ছবির প্রযোজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবি 'অযোগ্য'-তে প্রধান চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে। হ্যাঁ, বক্স অফিসে চূড়ান্ত সফল এই জুটির ৫০তম ছবির নাম 'অযোগ্য'।
প্রসেনজিৎ প্রথমেই মজা করে বললেন 'আমি সত্যিই অযোগ্য'। সঙ্গে পাশে দাঁড়িয়ে ঋতুপর্ণার প্রাণখোলার হাসি। তবে আজও যে এই জুটি যোগ্য তার প্রমাণ ফ্লুরিজের বাইরে জনতার ভিড় জমে যাওয়া। প্রসেনজিৎ-ঋতুপর্ণা ছাড়াও এই অনুষ্ঠানে কৌশিক গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। সুরিন্দর ফিল্মস প্রযোজক হলেও এদিনের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন এসভিএফ-এর কর্ণধার শ্রীকান্ত মোহতা। শ্রীকান্ত বললেন "আমি যখন ছবি আর করব না ভেবেছিলাম তখন এসভিএফের প্রযোজনায় হিটের হাউসফুল রেকর্ড করেছিল এই জুটির 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবি। সেই জুটি আজ পৌঁছে গেল তাঁদের ৫০তম ছবিতে।"
মাঝে ১৫ বছর একসঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। শিবপ্রসাদ-নন্দিতার ‘প্রাক্তন’- ছবির হাত ধরে তাঁদের ব্লকবাস্টার কামব্যাক হয়েছিল। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতে অভিনয় করেন তাঁরা। তার মাঝে কেটেছে প্রায় ৫ বছর। ২০২৪-এ আবার বড় পর্দায় ফিরছে এই জুটি। ছবির ফার্স্ট লুকে দেখা গেল পুরীর সমুদ্রের সামনে দাঁড়িয়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণা। নায়িকার পরনে লাল শাড়ি, আর কালো হাফ শার্ট এবং ডেনিমে নায়ক। এই ছবির চিত্রগ্রাহক গোপী ভগত।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 'দ্য ওয়াল' কে জানালেন, "আমাদের জুটিকে ফেরানোর জন্য একটা বড় কাঁধ দরকার তো! এমন একজন পরিচালক যিনি আমাদের দিয়ে ঠিকঠাক কাজ করাবেন। তেমনই একজন কৌশিক গঙ্গোপাধ্যায়। যিনি খুব সহজভাবে গল্প বলেন। পরিচালক ভাল হলে অভিনেতা অভিনেত্রীদের জুটিও সফলতা পায়। আমি আর ঋতু শুরু থেকেই সেভাবে পরিচালকদের সঙ্গে কাজ করেছি। আমাদের এই নতুন ছবি নিয়ে ২০২৪-এ আসছি। কৌশিকের 'দৃষ্টিকোণ' ছবির শুরুতেও আমরা ফ্লুরিজেই এসেছিলাম। ফ্লুরিজ আমার কাছে ছোটবেলার নস্টালজিয়া। দৃষ্টিকোণ ভীষণ সফল ছবি হয়েছিল। এবারও 'অযোগ্য' আশা করছি সফল ছবি হবে।"
ঋতুপর্ণা সেনগুপ্ত বললেন, "আমাদের জুটিকে আজকের এই দিনে বাঁচিয়ে রেখেছেন দর্শকরা। দর্শকের ভালবাসাতেই আমরা ৫০তম ছবি করতে পারছি। দর্শকের ভেতর থেকে ভালবাসা না এলে এই জুটি হত না। একসময় আমরা একসঙ্গে দীর্ঘ সময় কাজ করিনি। কিন্তু যখন ফিরলাম তখনও দর্শক একইভাবে আমাদের ভালবাসা ফিরিয়ে দিল। যা সত্যিই আমাদের কাছে আশীর্বাদের মতো। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে 'অযোগ্য' আমার দ্বিতীয় ছবি। পরিচালকের বড় কাঁধ তো অবশ্যই দরকার। কিন্তু কৌশিক গঙ্গোপাধ্যায় এত চাপ নিয়েও যেভাবে হাসি মুখে আমাদের কাজ করিয়ে নেন, মনে হয় না কঠিন কোনও ছবিতে অভিনয় করছি।"
কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায়, "এখনকার দর্শক নতুনভাবে প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটিকে দেখতে চায়। প্রাক্তনের জুটি বা দৃষ্টিকোণের জুটি তাই হিট। 'অযোগ্য' দর্শকের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটিকে।"
এই ছবিতে সঙ্গীত পরিচালনা করবেন রণজয় ভট্টাচার্য। ইতিমধ্যে রণজয়ের সুরে 'একটু সরে বসুন' ছবিতে অরিজিৎ সিংয়ের 'নিষ্পলক' গান ভীষণভাবে মন ছুঁয়ে গেছে দর্শকদের। 'প্রেমে পড়া বারণ' থেকে অজস্র মননশীল গানে হৃদয় ছুঁয়ে গেছে রণজয়ের সুর। অযোগ্যতেও যোগ্য সুর করবেন তিনি, তেমনটাই আশা। আরও কোন সংগীত পরিচালক থাকবেন কিনা, সেটা ক্রমশ প্রকাশ্য।
কৌশিকের 'অর্ধাঙ্গিনী' ছবিতে অম্বরীশ ভট্টাচার্য মন জয় করে নিয়েছিলেন সবার। 'লক্ষ্মী ছেলে', 'কাবেরী অন্তর্ধান', 'অসুখ-বিসুখ' ছবিতেও কাজ করেছিলেন অম্বরীশ। 'অযোগ্য' ছবিতেও নতুন ভূমিকায় থাকছেন এই দাপুটে অভিনেতা।