
শেষ আপডেট: 31 January 2024 14:22
দ্য ওয়াল ব্যুরো: 'সালার' ছবিতে দর্শকদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছেন দক্ষিণী অভিনেতা প্রভাস। তাই এবার বিরতি নিতে চান। ভেবেচিন্তে পরের ছবিগুলো নিয়ে এগোতে চান বলেই খবর সূত্রের। আবার মার্চ মাসে উনি নতুন ছবির দিকে মন দেবেন বলে জানিয়েছেন।
আপাতত উনি এখন নিজের স্বাস্থ্যের দিকে মন দিতে চান। 'সালার'-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। 'বাহুবলী'-র অভিনেতা জানান তিনি খুব খুশি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে। সবার ভালবাসা ওঁর জীবনে অনেক বেশি এনার্জি এনে দিয়েছে। তাই উনি একটু বিরতি চান। সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চান। নিজের কেরিয়ার এরপর কীভাবে এগিয়ে নিয়ে যাবেন সে বিষয়ে একান্তে ভাবতে চান।
View this post on Instagram
সূত্রের খবর, প্রভাস এক মাসের বিরতি নিতে চাইছেন। মার্চ থেকে আবার কাজ শুরু করবেন বলেই শোনা যাচ্ছে। আগামীতে ওঁর বেশ কিছু কাজ আসতে চলেছে। নাগ অশ্বিনীর 'কলকি ২৮৯৮' ছবিতে প্রভাসের সঙ্গে অভিনয় করতে চলেছেন দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন। এছাড়াও রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট', মারুথির 'রাজা সাহেব'।
হাঁটু নিয়ে বেশ কিছু বছর ধরে সমস্যায় রয়েছেন অভিনেতা। 'সালার' ছবির শুটিংয়ের আগে একবার হাঁটু অপরেশন করতে ইওরোপেও যেতে হয় অভিনেতাকে। আবারও একবার সেই একই কারণেই ইওরোপ যাবেন বলে সূত্রের খবর। এই বিরতির মধ্যে এখন নিজের শরীরের দিকে মনোযোগ দেওয়াই প্রভাসের প্রধান লক্ষ্য।

প্রায় ৭০০ কোটির ওপর সারা বিশ্বে ব্যবসা করেছে 'সালার'। তেলেগু ছবির ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা করে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই ছবি।