
শেষ আপডেট: 8 January 2024 19:44
প্রভা খৈতান ফাউন্ডেশন-এর একটি বিশেষ উদ্যোগ 'চলচ্চিত্র রঙ্গমঞ্চ'। যে উদ্যোগটি সাংস্কৃতিক জগতের অভিনব প্ল্যাটফর্ম হয়ে উঠেছে । সদ্য মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র প্রদর্শনী থেকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান 'চলচ্চিত্র রঙ্গমঞ্চ' ব্যানারে হয়ে থাকে।
প্রভা খৈতান ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, শিল্প উদ্যোক্তা এবং নারীবাদী। তিনি 'প্রভা খেতান ফাউন্ডেশন' এর প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন এবং নারীবাদের প্রচারে অনেক কাজ করেছেন। তাঁর নামেই এই প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে নতুন নতুন কাজের মাধ্যমে।
২০২৪ সালের শুরুতেই ৬ জানুয়ারি আইনক্স ইনসিগনিয়া সাউথ সিটিতে হয়ে গেল 'কাবুলিওয়ালা' ছবির স্পেশাল স্ক্রিনিং। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুমন ঘোষ পরিচালিত 'কাবুলিওয়ালা' ছবিটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে দর্শক এবং সমালোচক মহলে। প্রিমিয়ারের পর আরও কিছু বিশিষ্ট তারকা ও সমালোচকদের ছবিটি দেখাতে এই বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিল 'চলচ্চিত্র রঙ্গমঞ্চ'।
প্রভা খৈতান ফাউন্ডেশনের তরফ থেকে উপস্থিত ছিলেন শ্রীমতী মণীষা জৈন। 'চলচ্চিত্র রঙ্গমঞ্চ' উদ্যোগটিকে তিনি সাংস্কৃতিক মহলে ব্র্যান্ড করে তুলতে চান বলে জানিয়েছেন। যে উদ্যোগ সবসময় ভাল কাজের ভাল সৃজনশীল সৃষ্টির পাশে আছে। টলিউড থেকে বলিউডের পাশে রয়েছে এই 'চলচ্চিত্র রঙ্গমঞ্চ'।
'কাবুলিওয়ালা' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের মধ্যমণি ছিল ছোট্ট মিনি ওরফে অনুমেঘা কাহালি। ছবিতে মিনি রূপে অনবদ্য অনুমেঘা। মিঠুন চক্রবর্তী যেখানে কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করেছেন, সেখানে এমন প্রবাদপ্রতিম তারকার সঙ্গে কী চমৎকার অভিনয় করেছে এই শিশু অভিনেত্রী। মিঠুন হাজির না থাকলেও তাঁর টানেই টলিপাড়ার তারকারা ছবিটি দেখতে এসেছিলেন। সবাইকে স্বাগত জানাতে প্রথম থেকেই হাজির ছিলেন ছবির পরিচালক সুমন ঘোষ। সুমন বললেন "রবীন্দ্রনাথের গল্প চিরকালীন, সেটা মনে রেখেই আবার কাবুলিওয়ালা বানালাম।"

একে একে সেদিন উপস্থিত হন বিশেষ বিশেষ অতিথিরা। ছবির অভিনেতাদের মধ্যে মিনির বাবার ভূমিকায় জেক দেখা গিয়েছে, সেই আবির চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। আবির আসতেই ছুটে এসে তাঁর কোলে উঠে পড়ল অনুমেঘা। আবার মিনির মা সোহিনী সরকারের সঙ্গেও হাত ধরে অনুমেঘাকে ঘুরতে দেখা গেল। সোহিনীকে ছবিতে আটপৌরে শাড়ি পরা গৃহবধূর ভূমিকায় দেখা গেলেও এদিনের স্ক্রিনিংয়ে জিনস-টপ পরে হাজির হয়েছিলেন সোহিনী। মোটা কালো ফ্রেমের চশমায় নতুন লুকে ধরা দিয়েছেন তিনি।
বিরতির সময় এসে উপস্থিত হলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। কালো পোশাকে দুর্দান্ত গ্ল্যামারাস লাগছিল মিমিকে। কাবুলিওয়ালার ছোট্ট মিনিকে জড়িয়ে জড়িয়ে ধরে একাধিক ছবি তুলে নেন তারকা অভিনেত্রী। তা দেখে পরিচালক সুমন ঘোষ বললেন "মিনি আর মিমি একসঙ্গে"।
হলুদ পোশাকের সঙ্গে ডেনিম জ্যাকেটে নজরকাড়া লুকে হাজির হয়েছিলেন নায়িকা ইশা সাহা। শাশ্বত চট্টোপাধ্যায় কালো পুলওভার আর কালো জিনসে নায়কোচিত এন্ট্রি নিলেন। শাশ্বত মন দিয়ে ছবিটি দেখলেনও। বললেন "সুমনদা আর ওয়ান অ্যান্ড ওনলি মিঠুনদার জন্য কাবুলিওয়ালা দেখতে এলাম। প্রিমিয়ারে আসতে পারিনি, তাই স্পেশাল স্ক্রিনিংয়ের সুযোগ হারাইনি।"
তবে এই বয়সেও সবার মাঝে খুব ক্যাজুয়াল লুকেই আলো ঝরালেন মুনমুন সেন। মুনমুনের নামেই তো জোড়া চাঁদ। সুচিত্রা কন্যা এলেই চারিদিকে পূর্ণিমার আলো। মুনমুন প্রথম থেকেই হলে বসে ছবিটি মন দিয়ে দেখলেন। ছবি শেষে বললেন "মিঠুন আন্তর্জাতিক স্তরের অভিনেতা সেটা আবার প্রমাণ হল। অনুমেঘা 'মিনি'কে দেখে আমার তপন সিনহার 'মিনি' টিঙ্কু ঠাকুরের কথা মনে পড়ছিল, যে আমার বন্ধু ছিল। আর সোহিনী চমৎকার অভিনয় করেছেন।"
এছাড়াও এসেছিলেন অনসূয়া মজুমদার। খোলা চুলে অনসূয়ার আভিজাত্য অনস্বীকার্য। সোহাগ সেন, অনিরুদ্ধ টনি রায়চৌধুরী, ছবির সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়রাও ছবিটি দেখলেন।
সপরিবারে সুমন ঘোষের কাবুলিওয়ালা দেখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও তাঁদের পুত্র তথা উদীয়মান অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়। সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহকেও দেখা গেল। সাংবাদিক লেখক গৌতম ভট্টাচার্যও ছবি দেখলেন মন দিয়ে।
সিনেমা শেষ হওয়ার পর সকলের চোখেমুখেই ছিল একরাশ মুগ্ধতা। প্রভা খৈতান ফাউন্ডেশন-এর চলচ্চিত্র রঙ্গমঞ্চ আবারও এক মনে রাখার মতো সন্ধ্যে উপহার দিল।