
দায়িত্ব নিতে অস্বীকার রাজের!
শেষ আপডেট: 23 February 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: নাম না করেই স্বামী শরিফুল রাজের উদ্দেশে ক্ষোভ উগরে দিলেন দুই বাংলার বিতর্কিত নায়িকা পরীমণি। সন্তানদের খোঁজ নেন না স্বামী, কী দরকার এমন 'বাপ' থাকার! রাজের বিরুদ্ধে একাধিক ক্ষোভ সঞ্চিত হচ্ছিল পরীর মনে। তাঁরই বহিঃপ্রকাশ রবিবারে নায়িকার এক বিস্ফোরক পোস্ট।
পরীমণি লেখেন, "রাত জাগা আর নির্ঘুম রাত, মোটেও এক না সোনা! মা হয়ে দেখ শুধু, বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না। আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতন। তার ওপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না..জাস্ট ট্রাস্ট মি! রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা ফেসবুক স্ক্রলে লেপ্টে থাকা সবই উপভোগ্য। শুধু বিস্বাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল তাই না?" এখানেই থামেননি তিনি। আরও লেখেন, "একবার ভাবো তো,দিনের শুরু থেকে শেষ অব্দি কি কি করে একজন মা! তুমি ভাবতেও পারবা না জা***। ভাবা লাগেও নি তো বাবাদের কখনও! যারা বাবা হয় তারা সব জানে। জেনেই সব আগলে রাখে।"
যে বাবা সন্তানদের দায়িত্ব নেন না, সেই বাবার দরকার নেই পরীর সন্তানদের, এ কথা সাফ জানিয়েছেন নায়িকা। এখানেই শেষ নয়। তাঁর দুই সন্তান যে তাঁর পরিচয়েই বড় হচ্ছে সে কথাও এই পোস্টের মারফৎ জানিয়ে দিয়েছেন নায়িকা। আর পরী? গোটা পোস্ট জুড়ে শুধুই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আরও লেখেন, "আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা। মরে গেলে তো মরেই যেতা। হসপিটালের আপডেট যায় তো সোনা তোমার ফোনে!"
তিনি যোগ করেন, "ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি।" পরীমণির এই চিঠি 'ঘেন্নার চিঠি। সে কথা নিজেই জানিয়েছেন। গোটা পোস্টে একবারের জন্যও রাজের নাম উল্লেখ করেননি পরী। তবে তাঁর ভক্তদের বুঝতে অসুবিধে হয়নি এ পোস্ট আদপে কার উদ্দেশে।
ভালবেসেই বিয়ে করেছিলেন রাজ ও পরী। এক সন্তানও হয় তাঁদের। তবে কিছু সময় যেতে না যেতেই আলাদা হয়ে যান তাঁরা। এরপর এক কন্যা সন্তান দত্তক নেন নায়িকা। স্বামীর প্রয়োজন নেই। দুই সন্তানকে একা হাতেই বড় করছেন তিনি, অন্তত সামাজিক পোস্টে সেই কথাই লিখেছেন অভিনেত্রী। রাজ যদিও এখনও পর্যন্ত এই পোস্টের পাল্টা কোনও প্রতিক্রিয়া দেননি। পরীর অভিযোগের পাল্টা কোনও বক্তব্য রয়েছে কি তাঁর? আপাতত সেই উত্তরের দিকেই তাকিয়ে সকলে।