
শেষ আপডেট: 6 May 2022 14:45
দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে বিয়ে, কিন্তু পুনম পাণ্ডের (Poonam Pandey) সংসার বেশিদিন টেকেনি। স্বামী স্যাম বোম্বের সঙ্গে একেবারেই মানিয়ে নিতে পারেননি তিনি। কঙ্গনা রানাউতের রিয়েলিটি শো ‘লক আপ’-এ (Lock Upp) গিয়ে সেই স্বল্পকালীন দাম্পত্যের অন্ধকারময় অধ্যায় নিয়ে মুখ খোলেন পুনম পাণ্ডে। সেখানেই তিনি জানান, কেন তিনি কোনও জিনিসের গন্ধ পান না। তাঁর স্বামী তাঁর উপর কীভাবে অত্যাচার করত সে কথাও মন খুলে বলেছেন এই ভারতীয় মডেল-অভিনেত্রী।

আরও পড়ুন: সানসিল্ক, ক্লিনিক প্লাস শ্যাম্পুর দাম বাড়ল, দামী হল লাক্স সাবানও!
পুনম (Poonam Pandey) জানান, তাঁর স্বামী তাঁকে মারধর করত নিয়মিত। মাথায় একবার এমন আঘাত করে যাতে পুনমের মস্তিষ্কে শুরু হয় রক্তক্ষরণ। ধীরে ধীরে সেই ক্ষত সারিয়ে তুলেছিলেন পুনম। কিন্তু অভিযোগ, তার পরেও আবার ওই একই স্থানে আঘাত করা হয় তাঁকে। এরপরই নাকি ঘ্রাণশক্তি লোপ পায় পুনমের। এখন কোনও কিছুর কোনও গন্ধই পান না তিনি। প্রয়োজনে বন্ধুদের জিজ্ঞেস করে জেনে নেন কোনখানে কেমন গন্ধ।

সাংসারিক অশান্তি চরমে উঠলে অবধারিত বিবাহবিচ্ছেদ। পুনমের (Poonam Pandey) সঙ্গেও তাই হয়। আইনি বিচ্ছেদ হয়ে যায়। পুনম জোর গলাতেই জানান, তিনি একাই ভাল আছেন। সঙ্গীর প্রয়োজন নেই।

পুনম আরও জানান, তাঁদের সংসারে অশান্তির মূল কারণ ছিল কুকুর। পুনম কুকুর খুব ভালবাসেন। আর তাঁর স্বামীর চক্ষুশূল ছিল তাঁর এই কুকুরপ্রেম। সেই কারণেই নাকি পুনমের উপর লাগাতার অত্যাচার করত স্যাম বোম্বে। বিয়ের পর থেকেই মনোমালিন্য চরমে ওঠে।