.webp)
ইদের দিন ব্যালকনিতে ভক্তদের দেখা দেন সলমন।
শেষ আপডেট: 11 April 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো: খুশির দিন ইদ। আনন্দ ও উপহার দেওয়ার মুহূর্ত দেশে-বিদেশে। এই আবহে ভক্তরাও দলে দলে জমায়েত হয়েছিলেন, শুধুমাত্র একটিবার তাঁদের প্রিয় নায়কের দর্শন পাওয়ার আশায়। কিন্তু গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভক্তদের হতাশ হতে হল। নায়ক তো কেউ বাইরে এলেন না। উলটে পিঠে পুলিশের লাঠি খেয়ে বাড়ি ফিরতে হল তাঁদের।
ইদের দিন শাহরুখ খান, সলমন খান-সহ বলিউডের অনেক তারকারাই ভক্তদের সঙ্গে আনন্দ করেন। বিশেষ করে দুই বিখ্যাত 'খান', শাহরুখ ও সলমনের বাড়ির সামনে ভক্তদের ঢল নামে। একবার তাঁরা ব্যালকনিতে এসে দাঁড়িয়ে হাত নাড়লেই ভক্তরা বেজায় খুশি। ওটাই তাঁদের ইদের উপহার। কিন্তু বৃহস্পতিবার মুম্বইয়ের বান্দ্রায় ভক্তসমাগম যথেষ্ট হলেও সলমন খানকে ব্যালকনিতে দেখা যায়নি।
#WATCH | Maharashtra: Police uses mild lathi-charge to disperse the large gathering outside the residence of Actor Salman Khan, in Mumbai. pic.twitter.com/mKcqXoDYr5
— ANI (@ANI) April 11, 2024
এতেই ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় যানজট শুরু হয়। আসরে নামতে হয় মুম্বই পুলিশকে। নেটদুনিয়ায় 'ভাইরাল' ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশকর্মীরা ভিড় সামলাতে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে রীতিমতো লাঠিচার্জ করছেন জনতার ওপর। ছত্রভঙ্গ হয়ে পড়ে ভিড়। অনেকেই এর ওর গায়ে হুড়মুড়িয়ে পড়েন। এক মহিলাকে পড়ে যেতে দেখা যায়। অবশ্য কেউই গুরুতর হতাহত হ'ননি। অল্পক্ষণের মধ্যেই যানচলাচল শুরু হয় রাস্তায়। শুধু পড়ে ছিল কয়েক পাটি চটি।