
শেষ আপডেট: 9 August 2022 08:01
দ্য ওয়াল ব্যুরো: মুক্তি পেয়েছে পাভেলের আগামী ছবি 'কলকাতা চলন্তিকা'র (Kolkata Chalantika) প্রথম গান 'গীতবিতানের দিব্যি' (Geetabitaner Dibbi)। গানটি গেয়েছেন পৃথা চট্টোপাধ্যায়। লিখেছেন পাভেল (Pavel) নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য। রবিবার গানটি মুক্তি পেতেই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়।
সদ্য মুক্তিপ্রাপ্ত এই গানটি মূলত প্রেমের। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ভালবাসার গল্পই উঠে এসেছে প্রায় সাড়ে চার মিনিটের গানটিতে। প্রত্যেকের ভালবাসা, প্রেমে পড়া, যাপন করা আলাদা। আর এই ছবিতে ভিন্ন ভিন্ন ধারার মানুষের জীবনের গল্পই রয়েছে। তাই গানটিতেও দেখা যাবে সেই ভিন্ন ধারার সকল মানুষের প্রেমকাহিনি।
সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে একঝাঁক তারকা অভিনেতাকে। রয়েছেন, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, সৌরভ দাস, ইশা সাহা, অনামিকা সাহা, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিশ্বরূপ বিশ্বাস, কিরণ দত্ত, দিতিপ্রিয়া রায়কে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাভেল নিজেও।
প্রেম-কলরব, শঙ্খ-আজানে ‘কলকাতা চলন্তিকা’! মুক্তি পেল পাভেলের নতুন ছবির ট্রেলার
নিজের নতুন ছবি সম্পর্কে পাভেল জানিয়েছেন, 'পোস্তা ব্রিজ ভেঙে পড়া কেন্দ্র করেই গল্প। মোট তিনদিনের গল্প বলবে এই সিনেমা। ঘটনার আগের দিন, ব্রিজ ভাঙার দিন এবং তার পরেরদিন- মোট এই তিনদিনের গল্পকেই সিনেমার পর্দায় তুলে ধরা হবে।' আগামী ২৫ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। গত ৩০ জুলাই ট্রেলার মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। আর রবিবার গান প্রকাশের পর 'কলকাতা চলন্তিকা' নিয়ে সকলের উন্মাদনা রীতিমত চোখে পড়ার মতো।