
শেষ আপডেট: 22 December 2022 10:08
দ্য ওয়াল ব্যুরো: 'পাঠান' (Pathaan) ছবির প্রথম গান 'বেশরম রং' নিয়ে বিতর্ক এখনও তুঙ্গে। দেশের বিভিন্ন রাজ্যে ছবি বয়কটের ডাক দিয়েছেন বিজেপি নেতা থেকে শুরু করে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে সেই নিয়েই নাম না করে পাল্টা দিয়েছিলেন অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। এই বিতর্কের আবহেই বৃহস্পতিবার সকালে মুক্তি পেল ছবির দ্বিতীয় গান 'ঝুমে জো পাঠান' (Jhoome Jo Pathaan)।
সকাল এগারোটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় শাহরুখই প্ৰথম 'ঝুমে জো পাঠান' গানটি প্রকাশ করলেন। 'বেশরম রং'-এর পর এই গানটিই সিনেমার দ্বিতীয় ডান্স নাম্বার বা নাচের গান। শাহরুখের সঙ্গে তাল মিলিয়ে এই গানে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-কেও নাচতে দেখা গেছে। গানটি সবার এতটাই পছন্দ হয়েছে, যে মনে করা হচ্ছে ‘বেশরম রং’ নিয়ে তৈরি হওয়া যাবতীয় বিতর্ক পিছনে ফেলে দেবে।
বিশাল-শেখরের সুরে ও কুমারের কথায় গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও সুকৃতি কক্কর। গানটির শ্যুটিং করা হয়েছে বিদেশের একাধিক জায়গায়। 'বেশরম রং'-এর মতোই এই নতুন গানেও গ্ল্যামারের ছড়াছড়ি। শাহরুখ-দীপিকা, দু'জনকেই নানারকম পোশাকে দেখা গিয়েছে গানটিতে। তবে কালো পোশাকেই বোধহয় সবচেয়ে বেশি নজর কেড়েছেন অভিনেতারা। দীপিকা এই গানে আরও একবার বোল্ড অবতারে ধরা দিয়েছেন।আর শাহরুখকে তো দেখে বোঝা মুশকিল যে তিনি প্রায় ষাটের কাছাকাছি পৌঁছে গিয়েছেন।

দেখুন ভিডিও:
আগামী ২৫ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেরদিন বড়পর্দায় মুক্তি পাচ্ছে শাহরুখ খানের কামব্যাক ছবি 'পাঠান'। মাঝে 'ব্রহ্মাস্ত্র', 'লাল সিং চাড্ডা'র মতো ছবিতে তাঁকে ক্যামিও করতে দেখা গেলেও প্রধান চরিত্রে চারবছর পর বড়পর্দায় ফিরছেন তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই থ্রিলারে কিং খান এবং দীপিকা ছাড়াও দেখা যাবে জন আব্রাহামকে। তবে তার আগেই এই উৎসবের মরসুমে নতুন গান 'ঝুমে জো পাঠান' যে ডিস্ক কিংবা পাব কাঁপাতে চলেছে, তা একপ্রকার পরিষ্কার।
‘শাহরুখকে খুঁজছি, দেখতে পেলে জ্যান্ত জ্বালাব’! হুমকি অযোধ্যার সাধুর