
‘পাটালীগঞ্জের পুতুলখেলা’
শেষ আপডেট: 16 December 2024 16:31
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বর মাসের শুরুতে মুক্তি পায় ছবির পোস্টার। ‘মীরাক্কেল খ্যাত’ শুভঙ্কর চট্টোপাধ্যায়ের (Subhankar Chatterjee) পরিচালিত নতুন বাংলা ছবি ‘পাটালীগঞ্জের পুতুলখেলা’। পোস্টারে দেখা গিয়েছিল, পরাণ বন্দ্যোপাধ্যায় দিতিপ্রিয়া রায় ও সোহম মজুমদারকে।
সোহমের হাতে দেখা গিয়েছিল দুটি পুতুল আর ছবির পোস্টারে দিতিপ্রিয়া দিয়েছিল উঁকি। আর তাঁদের সবার উপরে ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায় দু’হাতে পুতুল নাচের দড়ি, তাতে ঝোলানো ছবির নাম। এমন পোস্টার দেখে সহজেই অনুমান করা যায়, এ ছবিতে থাকবে ভরপুর কমেডি। পরাণ, দিতিপ্রিয়া কিংবা সোহম ছাড়াও ছবিতে রয়েছে দীপঙ্কর দে, রজতাভ দত্ত, তনিমা সেন, সুব্রত গুহ রায়, প্রদীপ ধর, দেবপ্রতীম দাশগুপ্ত, সুমিত সমাদ্দার, মানসী সিংহ ও মীর আফসর আলি। (Pataligunj Ar Putul Khela, Paran Banerjee, Ditipriya Roy, Dipankar Dey, Rajatabha Dutta, Soham Majumdar, Subhrata Guha Roy, Tonima Sen Mir)
সম্প্রতি ‘পাটালীগঞ্জের পুতুলখেলা’ মিউজিক লঞ্চে দেখা গেল ছবির কলাকুশলীদের। নাচ-গানে ভরপুর সন্ধেতে ছবির গান 'এই যে দুনিয়া' মুক্তি পেল। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। পাটালীগঞ্জের মজার দুনিয়ার, মজার গান 'এই যে দুনিয়া'৷ গানে রয়েছে ফোক এবং ফিউশনের ছোঁয়া। মুক্তি পেয়েছে আরও একটি গান। এই প্রথম একসঙ্গে গাইতে চলেছেন ‘স্বামী-স্ত্রী’। অনুপম রায় ও প্রশমিতা পাল। ‘বাইয়া যাও মাঝি’৷ অনুপম-প্রশমিতার কণ্ঠে ফুটে উঠেছে গ্রামবাংলার সহজ সরল জীবন, প্রবাহিত নদীর প্রান্তবন্ত ছবি সঙ্গে চাঁদনি রাতের নির্মলতা। দুটি গানের সুর ঢেলেছেন শুভদীপ গুহ।
বাঙালির রসবোধ রয়েছে। সেই রসবোধ আরও উস্কে দিতেই আট থেকে আশি, সবার মুখে হাসি ফোটাতে মজার ছবি ‘পাটালীগঞ্জের পুতুলখেলা’তে আস্থা রেখেছেন পরিচালক শুভঙ্কর। এখনও প্রকাশ্যে আসেনি ছবির টিজার বা ট্রেলার। তবে দর্শকদের জন্য এই ছবি হতে চলেছে অনাবিল হাসির ছবি, সেই সন্দেহ নেই।
নতুন বছরের প্রথম মাসের ১০ তারিখ মুক্তি পাবে জালান প্রোডাকশন প্রযোজিত ছবি ‘পাটালীগঞ্জের পুতুল খেলা’।