তাজমহল আসলে মন্দির নাকি প্রেমের স্মৃতিসৌধ—এই বিতর্ককেই কেন্দ্রে রেখে তৈরি হয়েছে পরেশ রাওয়ালের নতুন ছবি ‘দ্য তাজ স্টোরি’। ট্রেলারে তাজমহলের ‘ডিএনএ টেস্ট’-এর দাবি ঘিরে ছড়াল নতুন বিতর্ক।

'দ্য তাজ স্টোরি'
শেষ আপডেট: 16 October 2025 19:25
দ্য ওয়াল ব্যুরো: তাজমহল কি আসলে মন্দির নাকি প্রেমের স্মৃতিসৌধ? দীর্ঘদিনের এই বিতর্কিত তত্ত্বকে এবার সরাসরি পর্দায় নিয়ে আসছেন অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি তাঁর নতুন সিনেমা 'দ্য তাজ স্টোরি'-র ট্রেলার মুক্তি পেয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
এর আগে ছবির মোশন পোস্টার প্রকাশ্যে আসার পরই বিতর্ক দানা বেঁধেছিল। পোস্টারে তাজমহলের গম্বুজের নিচ থেকে একটি শিবের মূর্তি উঠে আসতে দেখা গিয়েছিল। নেটপাড়ার একাংশ অভিযোগ করেছিল, পরেশ রাওয়াল নাকি 'হিন্দুত্ববাদীদের তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চাইছেন'।
বৃহস্পতিবার প্রকাশিত ট্রেলারে সেই বিতর্ক আরও জোরালো হল। ছবিতে পরেশ রাওয়ালকে ট্যুর গাইড বিষ্ণু দাস-এর চরিত্রে দেখা যাচ্ছে, যিনি তাজমহলের রহস্য উদ্ঘাটন করতে আদালতের দ্বারস্থ হয়েছেন। ট্রেলার জুড়ে সেই কোর্টরুম ড্রামার ঝলকই ফুটে উঠেছে।
ট্রেলারের এক দৃশ্যে পরেশ রাওয়ালকে আইনজীবীর চরিত্রে অভিনয় করা জাকির হুসেইনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। সেই সময় পরেশকে বলতে শোনা যায়, তিনি তাজমহলের 'ডিএনএ টেস্ট' করতে চান।
দীর্ঘদিন ধরেই হিন্দুত্ববাদীদের একাংশের দাবি, তাজমহল আসলে ছিল 'তেজো মহালয়া' নামে একটি শিব মন্দির, যা দখল করে মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মুমতাজের জন্য এই স্মৃতিসৌধ তৈরি করেন। যদিও ইতিহাসে তাজমহলকে শাহজাহানের প্রেমের অমর নিদর্শন হিসেবেই গণ্য করা হয়। পরেশ রাওয়ালের এই নতুন সিনেমা সেই পুরনো বিতর্ককেই আবার উসকে দিল।
অমরীশ গোয়েল পরিচালিত এই ছবিটি আগামী ৩১ অক্টোবর মুক্তি পেতে চলেছে। পরেশ রাওয়াল ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অম্রুতা খানবিলকর, স্নেহা ওয়াঘ, নমিত দাস-সহ অন্যান্য শিল্পীরা।