
শেষ আপডেট: 29 November 2023 21:08
দ্য ওয়াল ব্যুরো: সোমবার দুপুরেই আইনিভাবে বান্ধবী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু হানিমুনে যাওয়ার ফুরসৎ নেই। কারণ হাতে একগাদা কাজ। তাই ১ ডিসেম্বরেই কলকাতা ছাড়ছেন তিনি। মুম্বইয়ে পরপর কাজ শুরু করবেন। আর যাওয়ার আগে বাংলা সিনেমার দর্শকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। যা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে।
এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে পরমব্রত বলেছেন, “বাংলা ছবির দর্শকদের মধ্যে একটা দ্বিচারিতা আছে। শাহরুখ খানের ছবি 'পাঠান', 'জওয়ান' এখানে দুর্দান্ত ব্যবসা করে। তবে ওইরকম ছবি বাংলায় কেউ বানালে দর্শকরা হলে গিয়ে সেই ছবি দেখবে না। তবে ব্যক্তিগতভাবে আমার দু'টো ছবিই ভাল লেগেছে।” পরমব্রতর এই মন্তব্য নিয়ে দর্শক মহলে বিতর্ক দানা বেঁধেছে।
সোশ্যাল মিডিয়ায় অভিনেতার মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদল যেমন পরমের এই বক্তব্যকে সমর্থন করেছেন। আবার কারও দাবি, 'পাঠান' কিংবা 'জওয়ান'-এর মতো ছবি বাংলায় আগে বানানো তো হোক, তারপর দেখুক লোক হয় কিনা। যে ছবিগুলি টলিউডে তৈরি হয়, তার গুণমান বলিউডের ধারেকাছেও পৌঁছয় না। তাই দর্শকদের উপর দোষ চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা হচ্ছে।
প্রসঙ্গত, টলিউডের পাশাপাশি দীর্ঘদিন ধরেই বলিউডে কাজ করছেন পরমব্রত। 'কাহানি'র পর থেকেই তিনি সেখানে পরিচিতি পেয়েছেন। আর বর্তমানে একাধিক হিন্দি সিনেমা কিংবা সিরিজে পরমকে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। এইমুহূর্তে বলিউডে একটি অ্যান্থোলজি এবং একটি ছবিতে কাজ তাঁর শেষ। সামনের বছর বলিউডে নিজের প্রথম হিন্দি ছবি পরিচালনা করতে পারেন বলে জানিয়েছেন তিনি।