
শেষ আপডেট: 14 December 2023 13:54
দ্য ওয়াল ব্যুরো: হানিমুন থেকে ফিরেই নতুন ছবির কাজে ব্যস্ত হয়ে পড়লেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। বিয়ের পরেই তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, সামনে তাঁর একাধিক কাজ রয়েছে অভিনয় ও পরিচালনা মিলিয়ে। এক এক করে সবগুলোর খবর সামনে আসবে। অবশেষে বৃহস্পতিবার প্রকাশ্যে এল তাঁর নতুন ছবির খবর। এবার অঞ্জন দত্ত ও অপর্ণা সেনকে নিয়ে সিনেমা বানাতে চলেছেন পরম। নাম ‘এই রাত তোমার আমার’।
জানা গিয়েছে, সিনেমায় মুখ্য চরিত্রেই অভিনয় করবেন এই দুই বর্ষীয়ান অভিনেতা। পরিচালনার পাশাপাশি অভিনয়ও করবেন পরমব্রত। সূত্রের খবর, তাঁর চরিত্রটি কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের আধারে তৈরি হবে। ছবির গল্পে তুলে আনা হবে বাংলা সিনেমার সাদা-কালো যুগের এক অধ্যায়কে। তবে পরিচালক পরম পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে, ছবিটি কারও বায়োপিক নয়। সিনেমাটি প্রযোজনা করছে হইচই স্টুডিওজ। শীঘ্রই শুরু হবে শ্যুটিং।
প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পরমব্রত পরিচালিত সর্বশেষ ছবি সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’। ২০২২ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরপর চলতি বছর ভূত চতুর্দশীতে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘পর্ণশবরীর শাপ’। মাসখানেক আগেই লন্ডনে ‘হাওয়া বদল ২’ ছবির শ্যুটিংয়ের কাজও সেরে এসেছেন তিনি। সেটি কবে মুক্তি পাবে, তা এখনও জানা যায়নি। এরমধ্যেই বৃহস্পতিবার তাঁর আরও এক ছবির খবর সামনে এল।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ ছবিতে শেষবার একসঙ্গে অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত ও অপর্ণা সেন। ছবিতে বাদী ও বিবাদী পক্ষের দুই উকিলের ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁরা। ছবি যেমন বক্স অফিসে সুপারহিট হয়েছিল, তেমনই প্রশংসিত হয়েছিল দুই বর্ষীয়ান অভিনেতার কাজও। এবার তাঁরা অভিনয় করতে চলেছেন একেবারে মুখ্য চরিত্রে। আপাতত ছবিটির সাফল্য নিয়ে আশায় বুক বাঁধছে টলিউড।