
ছবি সৌজন্যে : ইন্টাগ্রাম
শেষ আপডেট: 13 September 2024 16:51
দ্য ওয়াল ব্যুরো: সমাজের প্রান্তিক এলাকা থেকে রাজনীতির শীর্ষে পৌঁছানো। আড্ডাটাইমসের 'জুলি' সিরিজ়ে এমনই এক মহিলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাওলি দামকে। অরিত্র সেনের পরিচালনায় এই সিরিজের কাজ সবে মাত্র শেষ করেছেন অভিনেত্রী। তারপরই সামনে এল সিরিজের ফার্স্ট লুক।
কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে এক মহিলার প্রতিকূলতা জয়ের গল্পকে তুলে ধরা হয়েছে এই সিরিজে। পাওলির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন টলিউডের একাধিক পরিচিত মুখ। রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, কৌশিক সেন, সুজয় প্রসাদ চ্যাটার্জি।
জানা গিয়েছে, সিবিআই আধিকারিকের চরিত্রে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়কে।
এক মহিলার জীবনের শুরুর গল্প ও তারপর তাঁর জীবনের পরিবর্তন ঘিরেই এই সিরিজ। রাজনীতিতে পা রাখার পর কী কী প্রতিবন্ধকতা আসে ও তা কীভাবে সামলাবেন স্ক্রিনের পাওলি, সেটাই দেখার।
পরিচালক অরিত্র সেনের সঙ্গে এটি পাওলির দ্বিতীয় ওয়েব সিরিজ। এর আগে 'কালী' সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। জানা গিয়েছে, শ্য়ুটিং শেষ হলেও এখনই মুক্তি পাচ্ছে না জুলি। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। মুক্তি পাবে আগামী মাসে।