
পঙ্কজ ত্রিপাঠী
শেষ আপডেট: 25 April 2025 14:12
দ্য ওয়াল ব্যুরো: প্রায় দুই দশকের অভিনয়জীবনে এই প্রথম নিজের জন্মরাজ্য বিহারে শ্যুটিং করছেন পঙ্কজ ত্রিপাঠী। বর্তমানে পাটনায় একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা, ছবিটি পরিচালনা করছেন ওএমজি ২-এর পরিচালক অমিত রাই। আবার একসঙ্গে কাজ করার অভিজ্ঞতায় খুশি পঙ্কজ, আর শ্যুটিং লোকেশন হিসেবে নিজের রাজ্যকে পেয়ে বলছেন, “এ যেন একেবারে ঘরে ফেরার অনুভূতি।”
পাটনা থেকে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “একেবারে ঘরে ফেরার মতো লাগছে। আমি অনেক পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা করেছি, যাঁদের সঙ্গে একসময় থিয়েটার করতাম। সেই অডিটোরিয়ামেও গিয়েছিলাম যেখানে আমরা নাটক করতাম। এটা আমার জন্মভূমি, স্বাভাবিকভাবেই এক আলাদা টান আছে এই জায়গার প্রতি।”
তিনি আরও জানান, এই রাজ্যকে শ্যুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়া ছিল একটি সচেতন সিদ্ধান্ত। “আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। গল্পটা পাটনার, তাই ভাবলাম এখানেই শ্যুট করি। দর্শকদের সঙ্গে প্রতারণা করে অন্য কোথাও সেট বানিয়ে কাজ করলে সেটা ঠিক হত না,” বলেন তিনি।
৪৮ বছর বয়সী এই অভিনেতা আরও জানান, বিহার সরকার শ্যুটিংয়ের কাজে নানাভাবে সহযোগিতা করছে। বলেন, “বিহারে ধীরে ধীরে এমন অনেক জায়গা তৈরি হচ্ছে, যা আগে ছিল না। আমরা চাইছি এই ছবির মাধ্যমে আসল বিহারকে তুলে ধরতে। আমাদের ডিওপি ইউরোপ থেকে এসেছেন, ফলে বিহারকে এক অন্য চোখে দেখা যাচ্ছে। মূলধারার ছবিতে পাটনা সাধারণত দেখা যায় না, কিন্তু এবার সেটা এক নতুন দৃষ্টিকোণ থেকে ধরা পড়বে।”
শ্যুটিং ইউনিট ইতিমধ্যেই উপভোগ করছে বিহারের আতিথেয়তা— বেলের শরবত পেয়ে সবাই খুব খুশি। হিন্দি সিনেমায় বিহার ঠিক যেমন, তেমনভাবেই তুলে ধরা হয়। আর সেটাই বেশ পছন্দ অভিনেতার। তিনি বলেন, “বিহারের সরলতা এখনও পর্যন্ত সিনেমায় উঠে আসেনি। তবে যতটুকু এসেছে, তা বেশ ভাললাগে। ৯০-এর দশকে সংবাদমাধ্যম এবং সিনেমা এক ধরনের ধাঁচ তৈরি করেছিল বিহার নিয়ে। তবে এখনকার চরিত্র এবং গল্প অনেক বেশি গবেষণা করে তৈরি করা হচ্ছে।”