
শেষ আপডেট: 7 July 2023 13:57
দ্য ওয়াল ব্যুরো: তিনি বলিউডের ‘বাদশা’। কিন্তু তাঁর ব্যাপ্তি গোটা বিশ্বজুড়েই। মার্কিন সেনেটর থেকে আফ্রিকার কনটেন্ট ক্রিয়েটর, বিশ্বের কোণায় কোণায় অভিনেতার ফ্যান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদিকে সেই শাহরুখ খান (SRK) নাকি অভিনয়ই পারেন না। এমনটাই মত পাকিস্তানি অভিনেত্রী (Pakistani actress) মাহনুর বালোচের। শাহরুখের সৌন্দর্য নিয়েও বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এরপরই শাহরুখ-ভক্তদের রোষানলে পড়েছেন মাহনুর।
পাকিস্তানি অভিনেত্রীর দাবি, শাহরুখ একেবারেই ভাল অভিনেতা নন। ওঁকে দেখতেও সুন্দর নয়। তবে শাহরুখ খুব ভাল মার্কেটিং জানেন। এইজন্য তিনি জীবনে এত সাফল্য পেয়েছেন। মাহনুরের মতে, শাহরুখ আসলে একজন ভাল ব্যবসায়ী। তিনি জানেন, কীভাবে কী করলে জীবনে সফলতা পাওয়া যায়। অভিনেত্রীর এই মন্তব্যের পরই শোরগোল শুরু হয়ে যায় শাহরুখ অনুরাগীদের মধ্যে। তাঁরা কেউই এই মন্তব্যকে সহজভাবে নেননি। এরপরই সোশ্যাল মিডিয়ায় মাহনুরকে গালমন্দ শুরু করেন নেটিজেনদের একাংশ। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত শাহরুখ নিজে কোনও মন্তব্য করেননি।

শুধু অভিনয় নিয়েই কটাক্ষ নয়, শাহরুখের সৌন্দর্য নিয়েও মন্তব্য করেছেন মাহনুর বালোচ। বলেন, “মানুষ হিসেবে শাহরুখ খুবই ভাল। কিন্তু তাঁকে যদি সৌন্দর্যের নিরিখে বিচার করা হয়, তাহলে বলতে পারি যে উনি একেবারেই সুপুরুষ নন। দেখতে এমন কিছু আহামরি নয়। শুধুমাত্র ব্যক্তিত্বের জন্যই তাঁকে ভাল লাগে। ওঁর চেয়েও অনেক সুন্দর অভিনেতা ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যারা সব কিছু থাকতেও সাফল্য পাননি। হয়তো ওঁর অনুরাগীরা এই কথায় ক্ষুব্ধ হবেন, আক্রমণ করবেন। কিন্তু আমার বিশ্বাস তাতে একচুলও নড়বে না।”
শাহরুখ সম্পর্কে প্রতিবেশী দেশের অভিনেত্রীর এহেন মন্তব্যের পরই নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন, “শাহরুখ অত্যন্ত গুণী একজন অভিনেতা। উনি ভারতের রত্ন।” আর একজন মন্তব্য করেছেন, “আপনি এবং আপনার মতামত—আমাদের কাছে কোনওটাই গুরুত্ব পায় না।” তবে মাহনুর বালোচের এহেন মন্তব্য নিয়ে অনেকেরই ধারণা যে, শাহরুখকে কটাক্ষ করে তিনি হয়তো জনপ্রিয়তা অর্জনের সস্তা পথ ধরার চেষ্টা করছেন। তাই এই মন্তব্যগুলিকে এড়িয়ে যাওয়াই উচিত।
‘জওয়ান’-এর ট্রেলার মুক্তি শীঘ্রই, নয়নতারার ছবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়