
শেষ আপডেট: 21 August 2023 12:04
দ্য ওয়াল ব্যুরো: পিসি চন্দ্র জুয়েলার্স গ্রুপের তরফ থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু গুণী মানুষকে সম্মানিত করার জন্য রবিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল (P.C Chandra group pays tribute to veteran actors and technicians)। যেখানে উপস্থিত ছিলেন বাংলা সিনেমা জগতের সঙ্গে যুক্ত অভিনেতা, টেকনিশিয়ান, এডিটর এবং আরও অনেকে।
বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন শ্রী খরাজ মুখোপাধ্যায় এবং পিসি চন্দ্র জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর শ্রী উদয় কুমার চন্দ্র।
বাংলা সিনেমায় এমন অনেক মানুষ আছেন যারা সারাজীবন ক্যামেরার পিছনেই থেকে গেছেন। যাদের অক্লান্ত পরিশ্রমের কথা হয়তো অনেকেরই অজানা। সেই সমস্ত প্রতিভাবান মানুষকে সম্মান জানানোর এই আয়োজন। এই অনুষ্ঠানে ঘোষণা করা হয় বাংলা সিনেমা জগতের সঙ্গে যুক্ত ১১ জনকে পিসি চন্দ্র গ্রুপ মাসিক কিস্তিতে ১ বছর ধরে কিছু সাম্মানিক প্রদান করবেন।
এই বছরের তালিকায় ছিলেন, অভিনেতা পরিচালক সুজিত গুহ, অভিনেত্রী তপতী ভট্টাচার্য, অভিনেত্রী রেখা ভট্টাচার্য, অভিনেত্রী কাবেরী ভট্টাচার্য, হেয়ার স্টাইলিস্ট ঊষা দে বন্দ্যোপাধ্যায়, এডিটর অতীশ চন্দ্র সরকার, স্টিল ফটোগ্রাফার গৌরাঙ্গ মিত্র, সহ-পরিচালক প্রদীপ কুমার দাস, সহ-চিত্রগ্রাহক সমিধ বোস, সহ-সাউন্ড রেকর্ডিস্ট সুন্দর সাপুই। আগামী এক বছর শ্রী সুজিত গুহকে মাসে ১০,০০০ টাকা এবং বাকিদের মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে।
পিসি চন্দ্র জুয়েলার্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী উদয় কুমার চন্দ্র জানান, ২০১৩ সাল থেকে পিসি চন্দ্র গ্রুপ এবং ইস্টার্ন সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্ট যৌথভাবে বাংলা সিনেমা জগতের পাদপ্রদীপের বাইরে থাকা বিভিন্ন ব্যক্তিত্বদের প্রতি তাঁদের এই ট্রিবিউট বা শ্রদ্ধার্ঘ প্রদান শুরু করেছেন । কঠিন সময়ে এই গুণী মানুষদের পাশে দাঁড়াতে পেরে পিসি চন্দ্র গ্রুপ আন্তরিক আনন্দিত ।
পিসি চন্দ্র গ্রুপ সবসময়ই সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করে থাকে। শিক্ষা,স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া এমনকী পরিবেশ সচেতনতা ও নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয়।
আরও পড়ুন: সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের 'ফ্রিডম অফার', স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লোভনীয় ছাড়