
শাহরুখের সাধের মন্নত
শেষ আপডেট: 26 April 2025 12:32
দ্য ওয়াল ব্যুরো: বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকা মানেই লোকে জানে, ‘ওই তো যেখানে শাহরুখ খানের বাড়ি না!’ মুম্বই আসা মানেই শাহরুখের বাড়ি মন্নতের একবার দেখতে আসেন মানুষ। যদি এই ফাঁকে একবার বাদশার একঝলক পাওয়া যায়! কিন্তু এখন ভক্তদের সেই আশার গুড়ে বালি পড়েছে। মেরামতির কাজ চলায় সপরিবারে মন্নত ছেড়েছেন অভিনেতা। তাতেই শুনশান হয়ে এসেছে মন্নতের পাড়া।
শাহরুখের মন্নতের দৌলতে ওই এলাকায় লোকজনের যে আসা-যাওয়া ছিল, তা একদমই কমে এসেছে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় দোকানদাররা। ফলে বেশ চাপে পড়েছেন তাঁরা। ব্যবসায় মন্দা দেখছেন অনেকেই।
অভিনেতার বাড়ির বাইরে ভিড় জমানোর সময় অনুরাগীরা খাবার কিনতেন বা কিছু জিনিসপত্র কিনতেন কাছের দোকান থেকে। এখন আর তা হয় না। ‘মানুষ এখন জেনেই গেছেন শাহরুখ আর এখানে থাকছেন না। কম লোক আসছেন তাই’, এমনটাই দাবি করেছেন স্থানীয় এক আইসক্রিম বিক্রেতা।
আরেক জন দোকানদারের কথায়, ‘মানুষ মন্নতের জন্য না আসলেও যাওয়া-আসার পথে অন্তত অটো বা ট্যাক্সি দাঁড় করিয়ে কিছুক্ষণ কাটিয়ে যেতেন, তাতেও কিছুটা ব্যবসা হতো। এখন তো কেউ আর দাঁড়ান না এখানে। আমাদের ব্যবসার ওপর যথেষ্ট প্রভাব পড়েছে এতে।’
কারও কথায়, ‘শাহরুখ আছেন, তাই মন্নতের দাম আছে মানুষের কাছে। ওঁকে ছাড়া কিছুই না এসব, সব বেকার।’
প্রসঙ্গত, তিন ছেলেমেয়ে আরিয়ান, সুহানা, অ্যাব্রাম এবং স্ত্রী গৌরীকে নিয়ে সম্প্রতি মন্নত ছেড়েছেন শাহরুখ। সেখানে শুধু তাঁরা পরিবারই থাকছে না, থাকবেন তাঁদের সিকিউরিটি এবং স্টাফরাও। মন্নত বাংলোর কাজ চলছে, আর প্রায় বছর দুই সেটা চলবে বলে জানা গেছে। সেই কারণেই শাহরুখ সবাইকে নিয়ে ততদিনের জন্য বদলে নিয়েছেন তাঁর বাসা। বান্দ্রার পালি হিলের কাছে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টই হয়ে উঠেছে তাঁদের নতুন ঠিকানা।