দ্য ওয়াল ব্যুরো: উন্মুক্ত নারীর পিঠের ছবি। সারা দুনিয়ার মানুষের চিরকালীন ফ্যান্টাসি। কিন্তু এই ছবিতে ফ্যান্টাসির ঊর্ধ্বে রয়েছে আরও কিছু। কারণ এই ছবির খোলা পিঠে দগদগ করছে আড়াআড়ি একটা গভীর কাটা দাগ। আর তাই পেলব পিঠ নয়, নজর কেড়েছে ওই গভীর কাটা দাগটাই। এক ঝলক দেখেই বোঝা যায় এ দাগ কোনও জটিল অস্ত্রোপচারের।
বাস্তবেও ব্যাপারটা তেমনই। আজ বিশ্ব ক্যানসার দিবস। আর সেই ওয়ার্ল্ড ক্যানসার ডে-তে নিজের খোলা পিঠের ছবি শেয়ার করলেন তাহিরা কাশ্যপ। আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা দুনিয়াকে জানালেন, ক্যানসারের সঙ্গে লড়াইটা ঠিক কতটা কঠিন ছিল। দেখিয়ে দিলেন জীবনের সঙ্গে কতটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে জিতেছেন তিনি।
https://www.instagram.com/p/Btc5zgvAmsV/
গত বছরে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ফিল্ম মেকার তাহিরা কাশ্যপ। তাঁর যে ব্রেস্ট ক্যানসার হয়েছিল, তাকে বলা হয় ‘স্টেজ জিরো ব্রেস্ট ক্যানসার’। তাহিরার স্তনে ডাকটাল কারসিনোমা ইন সিটু হয়েছে। এ ক্ষেত্রে নির্দিষ্ট একটি জায়গায় ক্যানসার কোষ বৃদ্ধি পাচ্ছে। অস্ত্রোপচার করলে ক্যানসার আর ছড়িয়ে পড়বে না শরীরের কোনও অংশেই।
ক'দিন আগেই হয়েছে তাঁর অস্ত্রোপচার। তবে অস্ত্রোপচার সফল হলেও, বাদ গিয়েছে তাহিরার স্তন। পরিবর্তন এসেছে চেহারাতেও। মাথা প্রায় ন্যাড়া। হালফিলে অবশ্য হালকা আঁশের মতো চুল দেখা গিয়েছে। কমে গিয়েছে বেশ খানিকটা ওজনও। কিন্তু শত পরিবর্তন, হাজার যন্ত্রণাতেও ভেঙে পড়েননি তাহিরা। বরং ঘুরে দাঁড়িয়েছেন। আর এই লড়াইয়ে তাহিরা সবসময়ই পাশে পেয়েছেন তাঁর স্বামী বলিউডের অন্যতম বিখ্যাত স্টার আয়ুষ্মান খুরানাকে।
বিশ্ব ক্যানসার দিবসে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তাহিরা লিখেছেন,এই দিনটা তাঁর। এই বিশেষ দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বলেছেন, "আশা করি সবাই নিজের মতো করে ক্যানসার ডে সেলিব্রেট করছেন।" কিন্তু মারণ রোগ তাহিরার শরীরে দিয়েছে অনেক কষ্ট। তবে নিজের কষ্ট বা যন্ত্রণা নয়, বরং ক্যানসারের সঙ্গে লড়াই করার স্পিরিটকেই সেলিব্রেট করতে চান তিনি। তালিহা লিখেছেন, "এই ছবি তোলার সিদ্ধান্ত একান্তই আমার। শরীরের দাগ নয়, মনের জোরকেই উদযাপন করতে চাই। আমি যা, সেভাবে নিজেকে গ্রহণ করার মধ্যেই রয়েছে আসল আনন্দ। জীবনে অনেক কঠিন সময় পেরিয়ে এসেছি। এখন উপভোগ করতে চাই।"
https://www.instagram.com/p/BtdB80IBQHe/
তাহিরার এই বোল্ড ছবি শেয়ার করেছেন আয়ুষ্মানও। স্ত্রী'র জন্য লিখেছেন একটি রোম্যান্টিক মেসেজও। বলেছেন, "তোমার দাগ খুবই সুন্দর। জীবনে কঠিন যুদ্ধে জয়ী হওয়ার জন্য বাকিদেরও উৎসাহ দাও।
চিত্রনাট্যকার তাহিরা এর আগে ‘টফি’ নামে একটি শর্ট ফিল্ম পরিচালনা করেছেন। রেডিও প্রোগ্রামার হিসাবেও তিনি বেশ সফল। সামনে একটি বাণিজ্যিক ছবি পরিচালনাও করতে পারেন তিনি। তাই সমস্ত অসুস্থতাকে পিছনে ফেলে খুব তাড়াতাড়ি ফ্লোরে ফিরতে চান তাহিরা।
আরও পড়ুন-
https://thewall.in/2019/01/doctor-interview-change-lifestyle/