
শেষ আপডেট: 14 June 2023 10:51
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে তিন বছর হয়ে গেল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর। ২০২০ সালে এই ১৪ জুনেই বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটে উদ্ধার হয়েছিল অভিনেতার ঝুলন্ত দেহ। এরপর গত তিন বছরে বদলে গিয়েছে অনেক কিছুই। বলিউডের এখন প্রায় শনির দশা, ক্রমশ সেই জায়গা নিয়ে নিচ্ছে দক্ষিণী ছবিগুলি। তবে যা বদলায়নি, তা হল সুশান্তের প্রতি তাঁর কাছের মানুষদের ভালবাসা। বুধবার প্রয়াত তারকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার-পরিজন, অনুরাগী-বন্ধুরা তাঁকে স্মরণ করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই তালিকায় রয়েছেন সুশান্তের একসময়ের মনের মানুষ রিয়া চক্রবর্তীও।
বুধবার সকালেই সুশান্তের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করেছেন রিয়া। যেখানে দেখা যাচ্ছে, সুশান্ত ও রিয়া একটি বড় পাথরের উপর বসে রয়েছে। পিছনে বিশাল বড় পাহাড়। দেখে মনে হচ্ছে, জায়গাটি লাদাখ কিংবা হিমাচল প্রদেশের দিকে। সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে পিঙ্ক ফ্লয়েডের গান ‘উইশ ইউ ওয়্যার হেয়ার’। পুরনো সেই ভিডিও পোস্ট করেই প্রিয় সুশান্তকে স্মরণ করেছেন অভিনেত্রী। সেই পোস্টের ক্যাপশনে অনেকেই রিয়াকে সহমর্মিতা জানান। তবে নেটিজেনদের একাংশ কটাক্ষও করেছেন অভিনেত্রীকে।
দাদার মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় স্টেটাস দিয়েছেন সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তিও। প্রয়াত অভিনেতার উদ্দেশ্যে সেই নোটে লেখা, ‘দাদা, তোমায় ভালবাসি এবং তোমার বুদ্ধিমত্তাকে স্যালুট জানাই। আমি জীবনের প্রতিটা মুহূর্তে তোমায় মিস করি। কিন্তু আমি এও জানি যে তুমি এখন আমার জীবনের একটি অবিছেদ্য অংশ হয়ে গেছ।’
উল্লেখ্য, জনপ্রিয় টিভি শো ‘পবিত্র রিস্তা’র মাধ্যমে রুপোলি দুনিয়ায় প্রথম প্রবেশ সুশান্ত সিং রাজপুতের। ২০১৩ সালে ‘কাই পো চে’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয়। এরপর একে একে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘রাবতা’, ‘কেদারনাথ’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘ছিছোঁড়ে’-র মতো সিনেমায় অভিনয় করেন তিনি। অভিনেতার শেষ ছবি ছিল ‘দিল বেচারা’, যা তাঁর মৃত্যুর পর মুক্তি পেয়েছিল ওটিটি চ্যানেলে।