
শেষ আপডেট: 16 October 2022 14:48
দ্য ওয়াল ব্যুরো: ৭৪-এ পা দিলেন বলিউডের 'ড্রিম গার্ল' হেমা মালিনী (Hema Malini)। বড়পর্দা থেকে বহুবছর দূরে থাকলেও অনুরাগীরা আজও তাঁর এই বিশেষ দিনটি আনন্দের সঙ্গেই উদযাপন করেন। তবে হেমা এখন আর এই দিনটিতে তেমন জাঁকজমক পছন্দ করেন না ঠিকই, তবে পরিবারের সঙ্গে ছোট করে হলেও নিজের জন্মদিন (Birthday) পালন করেন।
স্বামী ধর্মেন্দ্র, দুই মেয়ে এষা-অহনা ও জামাই এবং তাঁদের সন্তানকে নিয়ে এখন হেমার ভরা সংসার। বয়স হওয়ার কারণে বাড়ির বাইরে বেরোনোও খানিকটা কমিয়ে দিয়েছেন। একসময় বিজেপির সক্রিয় নেত্রী ছিলেন। এখন রাজনৈতিক মঞ্চেও তাঁর উপস্থিতি কম। তবুও 'ড্রিম গার্ল'কে তো আর ভোলা যায় না। তাই তাঁর জন্মদিনে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরাও শুভেচ্ছা জানিয়েছেন।
হেমা মালিনীর জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে সুন্দর একটি পোস্ট করেছেন তাঁর মেয়ে এষা দেওল (Esha Deol)। নিজের ও মায়ের দু'টি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলির সঙ্গে এষা লিখেছেন, "শুভ জন্মদিন মা। ঈশ্বর তোমার শরীরের খেয়াল রাখুক। খুব সুখী থাকো। আমি সবসময় তোমার পাশে আছি। আই লভ ইউ।"
পোস্টটি শেয়ার করার পরপরই হেমা মালিনীর ভক্তদের কমেন্টের বন্যা বয়ে যায়। একজন লিখেছেন, "শুভ জন্মদিন আমাদের ড্রিম গার্ল। আপনি সর্বদা সুস্থ থাকুন।" অপর একজন লিখেছেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনি আমার অন্যতম প্রিয় অভিনেতা।"
'ড্রিম গার্ল' নামে জনপ্রিয় হেমা মালিনী বলিউডে নিজের কেরিয়ারে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন। ১৯৬৩ সালে তামিল ছবি 'ইধু সাথিয়াম'-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি এবং ১৯৬৮ সালে হিন্দি ছবি 'স্বপ্নো কা সওদাগর-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় তাঁর। এরপর আর হেমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। 'সীতা ঔর গীতা', 'শোলে', 'সাত্তে পে সাত্তা'র মতো অসংখ্য সুপারহিট হিন্দি ছবি রয়েছে তাঁর ঝুলিতে।
আমির-কিয়ারার বিজ্ঞাপন সরানো হল ওটিটি থেকে, ফের হিন্দুত্ববাদের চোখরাঙানি