
শেষ আপডেট: 9 December 2020 06:17
হেমাজি শুধু শুভেচ্ছা জানাননি। একইসঙ্গে তাঁদের অনুরাগীদের জানিয়েছেন এতবছর যে তাঁরা একসঙ্গে আছেন, তার কারণ। তিনি টুইট করে লিখেছেন, "আজ আমরা ধরমজির জন্মদিন পালন করছি। আমরা জানি আজও আপনারা আমাদের ভালবাসেন, শ্রদ্ধা করেন। আপনারা যখন আমাদের পুরনো সিনেমা দেখে প্রশংসা করেন, ভাললাগার কথা জানান, তখন আমরা দু'জনই ভীষণ আনন্দ পাই। মনে পড়ে যায় আমাদের পুরনো স্মৃতি। জীবনের সুন্দর মুহুর্তগুলোকে মনে রেখেই এতগুলো বছর আমরা একসঙ্গে কাটাচ্ছি। আপনারা প্রার্থনা করবেন আমরা যেন সারাজীবন এভাবে একসঙ্গে থাকতে পারি।"
লেখাটার সঙ্গে তিনি বেশকিছু ছবিও পোস্ট করেছেন। দু'তিনটে ছবির কোলাজ। একদিকে তাঁদের বহু বছর আগের ছবি, অন্যদিকে বয়স হয়ে যাওয়ার পরের ছবি। বলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটি একের পর এক সিনেমায় তাক লাগিয়ে দিতেন এক সময়। তাঁদের এক ঝলক একসঙ্গে দেখলেই সিনেমা হলে হইহই করে উঠত দর্শকরা। হেমাজির পোস্ট করা ছবি দেখে স্বাভাবিক ভাবেই পুরনো সেই দিনের কথাই মনে পড়ে গেছে সকলের।
জন্মদিনে এষা দেওল, ববি দেওল দুজনেই ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের বাবাকে। কিন্তু অন্যদিকে ধর্মেন্দ্র জানিয়েছেন জন্মদিন উদযাপন করতে তিনি একেবারেই পছন্দ করেন না। ছোট থেকেই নাকি এই দিনটা বিশেষ ভাবে উদযাপন করতেন না। তাঁর মা চলে যাওয়ার পর থেকে তো একেবারেই না। তবে এত অনুরাগীদের শুভেচ্ছা বার্তা পেয়ে তাঁর যে মন ভাল হয়ে গেছে, সেকথা তিনি জানিয়েছেন।