
শেষ আপডেট: 1 August 2023 08:34
দ্য ওয়াল ব্যুরো: সেন্সর বোর্ডের গেরো পেরিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে 'ওএমজি ২' (omg 2)। প্রথমে এই ছবির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও জানা গেছে, পূর্ব নির্ধারিত দিন অর্থাৎ ১১ অগাস্টই মুক্তি পাচ্ছে ওএমজি ২। সেন্সর বোর্ড 'এ' সার্টিফিকেট দিয়েছে এই ছবিটিকে। প্রসঙ্গত, অক্ষয় কুমারের দীর্ঘ ছবির কেরিয়ারে এই প্রথমবার এ সার্টিফিকেট প্রাপ্ত কোনও ছবি মুক্তি পেতে চলেছে।
ছবি মুক্তির ঠিক এক মাস আগে ১১ জুলাই 'ওএমজি ২'র প্রথম টিজার মুক্তি পেয়েছিল। তবে তারপরই সেন্সর বোর্ডের কোপের মুখে পড়ে অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠি অভিনীত এই ছবিটি। সেই কারণেই টিজার মুক্তি ও ট্রেলার মুক্তির মাঝে তৈরি হয়েছে অনেকটা বেশি সময়ের ব্যবধান।
সম্ভবত, চলতি সপ্তাহেই মুক্তি পাবে 'ওএমজি ২'র ট্রেলার। সেন্সর বোর্ডের কাটছাঁটের পর পরিবর্তিত ছবির ট্রেলারই দেখবেন দর্শক, অনুমান ছবি সমালোচকদের একাংশের। জানা গেছে, প্রায় ১৫ থেকে ২০টি দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। তবে ট্রেলার মুক্তির জন্য বিশেষ কোনও রকম ট্রেলার মুক্তির অনুষ্ঠানের আয়োজন করছেন না নির্মাতারা।
যেখানে অন্য সব বলিউড ছবির টিজার মুক্তি থেকে ট্রেলার এমনকি একেকটি গানের প্রকাশও হয় তাকলাগানো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেখানে এমন সাদামাটা ট্রেলার মুক্তির চিত্র একপ্রকার বিরল। নেটিজেনদের একাংশের অনুমান, ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শাসক দলের গুডবুকে থাকতেই স্পর্শকাতর ধর্ম সংক্রান্ত ছবি 'ওএমজি ২' নিয়ে মাত্রাতিরিক্ত সাবধানী নির্মাতারা। সম্প্রতি 'আদিপুরুষ'-এর বেহাল দশাও যেন সিঁদুরে মেঘ নির্মাতাদের কাছে, সেই কারণেই মুক্তির আগেই বাড়তি সতর্কতা, বলছেন অনেকে।
ধর্মের ভ্রুকুটি? ‘ওএমজি’-এর সিক্যুয়েলে সেন্সর বোর্ডের কাঁচি, বাদ গেল বহু দৃশ্য