
শেষ আপডেট: 8 August 2023 11:33
দ্য ওয়াল ব্যুরো: তিনি ‘থালাইভা’ (Rajinikanth)। তাঁর ছবি দেখতে আজও হলে হলে উপচে পড়ে ভিড়। দর্শকরা প্রথম দিনেই সিনেমা দেখার জন্য অফিস-কলেজ কামাই করেন। এই দৃশ্য নতুন নয়, বহুবছর ধরেই চলে আসছে। তাই এখন রজনীকান্তের ছবি মুক্তি মানেই দক্ষিণ ভারতে অঘোষিত বনধ্ পালিত হয়। চলতি সপ্তাহে ‘জেলার’ (Jailer) মুক্তির আগেও ঠিক তেমনটাই ঘটতে চলেছে বৃহস্পতিবার।
সূত্রের খবর, আগামী ১০ অগস্ট ছবির প্রিমিয়ার উপলক্ষে চেন্নাই ও বেঙ্গালুরুর একটি অফিস (office) বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। কারণ, দু’বছর পর আবার বড়পর্দায় ফিরছেন ‘থালাইভা’ রজনীকান্ত। তাই অনুরাগীদের উচ্ছ্বাস, উন্মাদনা প্রায় বাঁধ ভেঙেছে। প্রেক্ষাগৃহ থেকে শুরু করে বড় রাস্তার মোড়ে, সর্বত্র সিনেমার পোস্টার পড়ে গিয়েছে। আপাতত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
তাই বেঙ্গালুরু এবং চেন্নাই দুই জায়গাতেই শাখা রয়েছে এমন একটি অফিস আগামী ১০ তারিখ ছবির প্রিমিয়ারের দিন কর্মীদের জন্য ছুটি ঘোষণা করেছে। এমনকী বিনামূল্যে রজনীকান্তের ছবির টিকিটও বিতরণ করা হচ্ছে। সেই ছুটির নোটিস ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সেই নোটিসে লেখা, “সুপারস্টার রজনীকান্তের 'জেলার' ১০ অগস্ট মুক্তি পেতে চলেছে। ওই দিন এইচআর বিভাগে একতাড়া ছুটির আবেদন জমা পড়ার বিড়ম্বনা এড়াতে ছুটি ঘোষণা করা হল।” এরপর সেখানে আরও লেখা যে, “এছাড়াও আমরা কর্মীদের বিনামূল্যে টিকিট দিয়ে অ্যান্টিপাইরেসি মুভমেন্টকেও সমর্থন জানাচ্ছি।”