
শেষ আপডেট: 12 December 2020 14:35
নুসরত যে ছবি আঁকতে ভালবাসেন, তা অনেকেরই অজানা। এবার তিনি তুলির টানে সাদা ক্যানভাসে আঁকলেন গৌতম বুদ্ধকে। আর তারই পাশাপাশি গৌতম বুদ্ধের শান্তির বাণীও প্রচার করেছেন তিনি। নুসরতের আঁকা বুদ্ধের ছবি ইতিমধ্যেই হটকেকের মতো ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে। সেই ছবি দেখে প্রতিবারের মতো এবারও কিছু মানুষ কটাক্ষ করেছেন অভিনেত্রী সাংসদকে। যদিও তাঁর অনুরাগীদের শুভেচ্ছার বন্যাতে ভেসে গেছে সেই কটাক্ষ।
তিনি যে কেবলমাত্র অভিনয় আর রাজনীতির ময়দানেই সিদ্ধহস্ত এমনটা ভাবার কোনও কারণ নেই। তিনি প্রমাণ করে দিয়েছেন যে নারী হেঁশেলে রাঁধেন, তিনি চুলও বাঁধেন! আবার কাজের জায়গা ও সংসারকে সুন্দর করে সামলানও। সবকিছুর মধ্যেও নিজের জন্য একটু হলেও সময় বের করে নেন নায়িকা, আর সেই ফাঁকেই ঝালিয়ে নেন নিজের শখকে। যদিও বারবার 'নানা কারণে' ট্রোল হতে হয়েছে তাঁকে- কখনও টিকটকে নাচ করা নিয়ে, আবার কখনও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। প্রয়োজন বুঝে কখনও এই ট্রোলের জবাব দিয়েছেন অভিনেত্রী, আবার কখনও বা বুদ্ধিদীপ্ত ভঙ্গিতে এড়িয়ে গেছেন এসব কুৎসা।
সম্প্রতি তাঁর ইনস্টা হ্যান্ডেলে নুসরত পোস্ট করেছেন একটি ভিডিও, যেখানে দেখা গেছে তিনি গৌতম বুদ্ধের ছবি আঁকছেন। সাদা ক্যানভাসের উপর রং-তুলি দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন গৌতম বুদ্ধের মুখাবয়ব। রঙের বাহার রয়েছে সেই ছবিতে। কোথাও হলুদ, আবার কোথাও নীল, সাদা-কালো রঙের ছোঁয়া। শুধু বুদ্ধের মূর্তি নয়, বুদ্ধের পাশে আঁকেন হলুদ রঙের পাতা। নুসরতের শিল্পী মনস্তত্ত্বের তারিফ করেছেন অনেকেই।
বুদ্ধের সঙ্গে গাছের পাতার যে একটা যোগ রয়েছে, তা অনেকেরই জানা রয়েছে। এর পেছনে রয়েছে একটা গল্প। নেপালের তরাই অঞ্চলের লুম্বিনী গ্রামে এক শালগাছের তলায় সিদ্ধার্থ জন্ম নেন। আবার, একটি অশ্বত্থ গাছের তলায় ধ্যানে বসেই বোধি লাভ করেছিলেন গৌতম বুদ্ধ। আর নুসরতের ক্যানভাসে ঠিক সেই বিষয়টি ফুটে উঠেছে। ছবির ক্যাপশনে তিনি লেখেন "পৃথিবীকে আরও রঙে রাঙিয়ে তোলা দরকার।" নায়িকা নুসরত, সাংসদ নুসরতকে তো সকলেই চেনেন। এবার ফ্যানেদের সামনে উন্মোচিত হয়েছে নুসরতের আরও একটি রূপ।
চিত্রশিল্পী নুসরত, তাঁর প্রশংসায় এখন পঞ্চমুখ নেটিজেনদের অনেকেই। অবশ্য নেট পাড়ার কেউ কেউ তাঁকে ট্রোল করতেও ছাড়েননি। কেউ লিখেছেন “বুদ্ধের মুখের রঙ হলুদ কেন? পুরোটাই নীল রঙ নেই কেন?” আবার কেউ কেউ নুসরতের দক্ষতার ওপরে প্রশ্ন তুলে কমেন্ট করেছেন, “কোন শিল্পীর আঁকা ছবির উপর তিনি তুলি বোলাচ্ছেন?” সাংসদ-অভিনেত্রী যদিও এই নিয়ে কোনওরকম মন্তব্য করেননি। সহজ শান্ত ভাবে এড়িয়ে গেছেন এসব ট্রোলগুলোকে। আর তাঁর আঁকা বুদ্ধের ভিডিও মন জয় করে নিয়েছে অনেকের, ঝড়ের বেগে নেট দুনিয়াই ভাইরাল হয়েছে সেই ভিডিও।