
শেষ আপডেট: 9 February 2024 16:24
দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৫ সালে মুক্তি পায় বলিউডের সবচেয়ে বড় ব্লকব্লাস্টার সিনেমা ''দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। খান পনেরো ছবিতে অভিনয়ের পর দিলওয়ালের সুযোগ এসেছিল শাহরুখের কাছে। 'ডর', 'বাজিগর'-এ নেগেটিভ চরিত্র করার পর, এতটা রোম্যান্টিক চরিত্রে নিজেকে ভাবতে পারছিলেন না কিং খান। সেই সংশয় দূর করেন খোদ যশ চোপড়া। মনের জোর দিয়ে জানান, 'রাজ' যদি কেউ হতে পারে, তবে সেটা শাহরুখ।
তবে জানেন, 'দিলওয়ালে'র জন্য প্রথম পছন্দ শাহরুখ ছিল না। প্রায় তিন চারজন অভিনেতা না বলায় চরিত্রটি আসে কিং খানের কাছে। 'রাজ' হিসেবে আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিল অন্য কেউ। তিনি কোনও ভারতীয় অভিনেতা নন, বরং এক হলিউডের সুপারস্টার, টম ক্রুজ!

ডিডিএলজে-র গল্পটাই অন্যরকম ভাবা হয়েছিল। অ্যামেরিকান ছেলে ও ভারতীয় মেয়ের প্রেম, এই ছিল মূল গল্প। কিন্তু রণে ভঙ্গ দেন আদিত্য চোপড়ার বাবা, যশ চোপড়া। জানান যশ চোপড়া ফিল্মসের অতো বাজেট নেই যে তাঁরা টম ক্রুজকে প্রধান চরিত্রের জন্য ভাববেন।
বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের মধ্যে একজন টম ক্রুজ। এখন বছরে তাঁর উপার্জন প্রায় ৪,৯৭৯ কোটির কাছাকাছি। 'দিলওয়ালে' দিয়ে আদিত্য চোপড়া পরিচালনায় হাতেখড়ি করেন। প্রথম ছবিতেই এত বড় ঝুঁকি নিতে চান নি প্রযোজক যশ চোপড়া। তারপর এই ছবির অফার যায় সলমন, আমির সবার কাছে। কিন্তু তাঁরা কেউ করতে না পারায় শেষে আসে শাহরুখের কাছে।

প্রথমে চরিত্রটি করতে একটু অস্বস্তিই হয়েছিল অভিনেতার। যেহেতু তিনি আগে এরকম রোম্যান্টিক হিরোর চরিত্রে অভিনয় করেন নি। কিন্তু আদিত্য চোপড়া অভিনেতাকে বোঝান, বলেন দর্শকের মন জিততে গেলে সবার আগে মেয়েদের মনের মতো প্রেমিক ও মায়েদের প্রিয় ছেলে হয়ে উঠতে হবে। আদিত্য ছাড়াও এই সময় সলমনও শাহরুখকে অনেক মনের জোর দেন। বলেন 'রাজ' একমাত্র শাহরুখই হতে পারবে।
'দিলওয়ালে' থেকে শুরু হয় শাহরুখ খানের আসল জনপ্রিয়তা। বাকিটা সবার জানা!