জীবনের পথে চলতে চলতে হঠাৎ হারিয়ে যায় কেউ একজন—খুব কাছের, খুব প্রিয়। থেকে যায় শুধু কিছু স্মৃতি, কিছু মুহূর্ত, কিছু না বলা কথা। আর ঠিক সেই অনুভূতির গভীরতা থেকেই সৃষ্টি হয়েছিল মারুন ৫–এর বিখ্যাত গান ‘Memories’

‘Maroon 5’-এর ‘মেমোরিজ’
শেষ আপডেট: 31 July 2025 17:09
দ্য ওয়াল ব্যুরো: জীবনের পথে চলতে চলতে হঠাৎ হারিয়ে যায় কেউ একজন—খুব কাছের, খুব প্রিয়। থেকে যায় শুধু কিছু স্মৃতি, কিছু মুহূর্ত, কিছু না বলা কথা। আর ঠিক সেই অনুভূতির গভীরতা থেকেই সৃষ্টি হয়েছিল মারুন ৫–এর বিখ্যাত গান ‘Memories’
২০১৯ সালের ২০শে সেপ্টেম্বর মুক্তি পায় গান। কিন্তু জন্ম হয়েছিল অনেক আগেই—ব্যথায়, শূন্যতায়, এবং অপূরণীয় এক ক্ষতির বুকে।
‘মেরুন ফাইভ’ ব্যান্ডের ফ্রন্টম্যান অ্যাডাম লেভিনের একেবারে ছোটবেলার বন্ধু এবং দীর্ঘদিনের ম্যানেজার জর্ডান ফেল্ডস্টিন হঠাৎ করেই মারা যান ২০১৭ সালে। বয়স তখন মাত্র ৪০। এই আকস্মিক মৃত্যু যেন অ্যাডামের জীবনে বাজ পড়ার মতো ঘটনা। শোক, অভিমান আর ভালোবাসার সেই মিশেল থেকেই জন্ম নেয় ‘Memories’।
গানটির সুরে রয়েছে এক পরিচিত আবহ—যা ক্লাসিক্যাল সংগীতপ্রেমীরা এক ঝলকে চিনে ফেলবেন। এটি তৈরি হয়েছে প্যাখেলবেল-এর ‘Canon in D’ এর সুরভিত্তিতে। একটা চিরন্তন, মরমি সুর যেন হৃদয় ছুঁয়ে যায় বারবার। আর তার ওপর ভেসে আসে অ্যাডামের দরদিয়া কণ্ঠ—একটি মৃদু গান, যেখানে নেই কোনও ঝাঁঝালো বাদ্যযন্ত্র, নেই অতিরিক্ত মেলোডি। যেন শুধু একটি হৃদয় কথা বলছে, নিজের প্রিয়জনকে স্মরণ করছে।
গানের কথাগুলোও সরল—‘Here’s to the ones that we got / Cheers to the wish you were here, but you’re not…’ প্রিয় মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণা আর সেই মানুষকে মনে করে হাসিমুখে চোখ ভেজানোর যে অনবদ্য অভিজ্ঞতা—এই গানটি ঠিক সেই জায়গায় গিয়ে হৃদয়ের তারগুলো টেনে ধরে। যেন প্রতিটি শ্রোতা একবার হলেও ভাবতে বাধ্য হন—‘আমারও তো এমন কেউ ছিল!’
ভিডিওটিও গানটির মতোই অনাড়ম্বর। কেবল অ্যাডাম লেভিন—একটি কালো ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে গাইছেন। নেই কোনও নাটকীয়তা, নেই জাঁকজমক। একটিমাত্র মুখ, একটিমাত্র কণ্ঠ—কিন্তু তাতেই যেন সবকিছু বলা হয়ে যায়।
‘Memories’— মুক্তি পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। কেউ এই গান শুনে প্রিয়জনকে মনে করেন, কেউ শোক প্রকাশ করেন, কেউ বা শুধুমাত্র চুপ করে বসে থাকেন—চোখের কোণে জমে ওঠা কষ্টের জল নিয়ে। গানে শোক আছে, কিন্তু আছে কৃতজ্ঞতাও। কারণ যতটা কষ্ট হয় হারানোর, ততটাই সৌভাগ্য ছিল সেই মানুষকে পাওয়ার। এই গান শুধু একটা গানের চেয়ে বেশি কিছু—এ এক স্মৃতির সঙ্গীত। এমন এক সময়ের কথা বলে, যখন কোনো শব্দই যথেষ্ট হয় না, কিন্তু সুর ঠিক পৌঁছে যায় হৃদয়ের গভীরে।ট
‘Memories bring back, memories bring back you…’ হয়তো কারও মুখ মনে পড়ে, হয়তো কারও হাসি, হয়তো শুধুই একটা স্পর্শ—এই গান আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই মানুষটার কাছে, যাকে আপনি এখনো ভালোবাসেন… হয়তো হারিয়ে ফেলেছেন, কিন্তু ভোলেননি।