টেকনিশিয়ানদের অভিযোগ ছিল বেতন বৃদ্ধি হয়নি। তাই তাঁরা নতুন মেগা সিরিয়ালে কাজ শুরু করতে নারাজ। সম্প্রচারে যাতে ব্যাঘাত না ঘটে, এজন্যে পুরনো মেগাগুলির শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। খবর ছিল, চ্যানেল-প্রযোজক-টেকনিশিয়ান গিল্ড এবং ফেডারেশন, সব পক্ষের আলোচনা, মীমাংসা হবে। নির্দিষ্ট শতাংশ বেতন বৃদ্ধির আশ্বাস পেলে, তবেই এই তিন মেগার কাজ শুরু হবে।

শুটিং বন্ধের দিন শেষ?
শেষ আপডেট: 17 June 2025 13:51
টেকনিশিয়ানদের অভিযোগ ছিল বেতন বৃদ্ধি হয়নি। তাই তাঁরা নতুন মেগা সিরিয়ালে কাজ শুরু করতে নারাজ। সম্প্রচারে যাতে ব্যাঘাত না ঘটে, এজন্যে পুরনো মেগাগুলির শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। খবর ছিল, চ্যানেল-প্রযোজক-টেকনিশিয়ান গিল্ড এবং ফেডারেশন, সব পক্ষের আলোচনা, মীমাংসা হবে। নির্দিষ্ট শতাংশ বেতন বৃদ্ধির আশ্বাস পেলে, তবেই এই তিন মেগার কাজ শুরু হবে।
২৮ মে ছিল সেই আলোচনা। সূত্রের খবর ছিল, ‘ আলোচনায় অনেক কিছু ঘটেছে, তবে ইতিবাচক পরিণতিতে আলোচনা পর্ব মিটেছে। আমরা আশাবাদী আগামী ১০ জুনের মধ্যে বেতন বৃদ্ধির সমস্যাসহ আরও বেশ কিছু সমস্যার সমাধান হবে।’ তবে শুধু বেতনবৃদ্ধির দাবিই ছিল না। ছিল আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি ফেডারেশন অফ সিনে টেনকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স-এর পক্ষ থেকে, শুটিংয়ে উন্নত মানের এবং পুষ্টিকর খাবার পরিবেশন, প্রত্যেকটি স্টুডিয়োতে উপযুক্ত ক্যান্টিন, মহিলা কলাকুশলী এবং টেকনিশিয়ানদের জন্য পরিচ্ছন্ন শৌচাগার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি ত্রিপক্ষীয় কমিটি এবং একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করতে হবে।
এত আলোচনা, পর্যালোচনা এবং দাবিদাবার পর এল এক খবর! ফেডারেশন সূত্রের খবর, ‘বিপুল হারে বেতন বৃদ্ধি হতে চলেছে টেকনিশিয়ানদের, চুক্তি প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে।’ প্রশ্ন ছিল, টেকনিশিয়ানদের পক্ষ থেকে অর্থবৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল, তা বেতনেরে বিদ্যমান হারের উপর ৪৫ শতাংশ, প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষ কি এই দাবিতে রাজি হয়েছে? ‘এটুকু বলতে পারি, বেতনে যা বৃদ্ধি হতে চলেছে, তা অনেকটাই, আশা করছি আমরা অখুশি থাকব না!’
শুধু তো বেতনবৃদ্ধি নয় বাকি যে সকল বিষয়গুলো ফেডারেশনের পক্ষ থেকে দাবি ছিল যেমন, পুষ্টিকর খাবার, উপযুক্ত ক্যান্টিন, পরিচ্ছন্ন শৌচাগার, তা নিয়ে কিছু ইতিবাচক সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে? সূত্রের খবর, ‘সে কাজও চলছে, আগামী ৩ মাসের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে।’
দ্য ওয়াল-এর পক্ষ থেকে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে ফোন করা হয়, তিনি বলেন, ‘এখন এ বিষয়ে কিছু বলার নেই, অপেক্ষ করুন। ভাল খবর নিশ্চয়ই আসবে।’