
প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 19 November 2024 15:59
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের শুরু থেকেই টলিউডের অন্দরে জোর চর্চা চলছে। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা নাকি হাঁটতে চাইছেন বিচ্ছেদের দিকে। শোনা যাচ্ছে ২০ বছর পর দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন দম্পতি। বেশ কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় নিজের নাম থেকে সেনগুপ্ত পদবী বাদ দিয়েছিলেন নীলাঞ্জনা। সেই থেকেই জল্পনা তুঙ্গে। তবে এনিয়ে প্রকাশ্যে দু'জনের কেউই মুখ খোলেননি।
তবে এবার নীলাঞ্জনা ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। জীবন বোধ নিয়ে এমন বার্তা নীলাঞ্জনা শেয়ার করেছেন যাতে ডিভোর্সের উল্লেখ স্পষ্ট। স্টোরিতে ঠিক কি লেখা রয়েছে? অভিনেত্রী-প্রযোজকের শেয়ার করা স্টোরিতে লেখা, 'কেউ ২১ বছর বয়সে গ্রাজুয়েট হয়ে ১০ বছর অপেক্ষা করে ভাল চাকরির জন্য। এদিকে আবার কেউ কোনও রকম পুঁথিগত শিক্ষা ছাড়াই ২৫ বছরে কোটিপতি হয়ে যায়।'
এখানেই শেষ নয়। সেই সঙ্গে আরও লেখা রয়েছে। পোস্টে লেখা, 'কেউ ২৫ বছরে বিয়ে করে, ৫ বছর পর ডিভোর্স হয়ে যায়। কেউ ৪০ এ বিয়ে করে আজীবনের ভালোবাসাকে খুঁজে পায়। ফলে এর থেকে স্পষ্ট বোঝা যায়, আপনি না সময়ের থেকে এগিয়ে আছেন, আর না পিছিয়ে। ফলে আপনি ঠিক সেখানেই আছেন, যেখানে আপনার থাকার কথা।'
পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনের প্রশ্ন, তবে কি দু'জনের দু-দশকের দাম্পত্য টিকলো না? টলিউডে ‘পাওয়ার কাপল’হিসাবে পরিচিত সেনগুপ্ত দম্পতিও যে বিচ্ছেদের পথে হাঁটবেন, ভাবতে পারেননি তাঁদের অনুরাগীরা, ভাবেননি সহকর্মীরাও। তাই খবর প্রকাশ্যে আসতেই বিস্মিত সকলে। তার পর থেকেই যিশু-নীলাঞ্জনার শুভাকাঙ্ক্ষীরা তাঁদের বিচ্ছেদ আটকানোর নানা চেষ্টা করেছেন। কিন্তু এই মুহূর্তে সেনগুপ্ত পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে কুলুপ এঁটেছেন দু’পক্ষই।
একটা সময় টলিউডের আদর্শ দম্পতি হিসাবে ধরা হত যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তকে। যিশুর কঠিন সময়ে তাঁকে আগলেছেন স্ত্রী। ভালোবাসার জন্য মুম্বইয়ের কেরিয়ার আগেই বলিদান দিয়েছিলেন, মা হওয়ার পর অভিনয় কেরিয়ারেই কার্যত ইতি টানেন নীলাঞ্জনা।