দ্য ওয়াল ব্যুরো: টলিউডের অভিনেত্রী নুসরত জাহানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় এখন সরগরম পরিস্থিতি। প্রেম, সম্পর্ক, বিয়ের খবর শুনলে নেটিজেনরা যতটা উচ্ছ্বসিত হয়, সম্পর্ক ভাঙার আঁচ পেলে কারও কারও উৎসাহ তার চেয়ে একচুলও কম নয়। সেই কারণেই সাংসদ অভিনেত্রীকে ঘিরে ইদানীং এত তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়।
কারণ, টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। নুসরত নাকি সংসার ভাঙতে চলেছেন! ক'দিন আগেই এই হাই প্রোফাইল বিয়েকে ঘিরে কতটা উচ্ছ্বাস নতুন বউয়ের ছিল, তার সাক্ষী ছিলেন সকলেই। এমনকি এই কয়েকদিন আগে দুর্গাপুজোর অঞ্জলি দেওয়ার সময়েও দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু ঠিক কোন কারণে একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন সেসব নিয়ে এখনও বেশ চর্চা চলছে চতুর্দিকে।
অন্যদিকে তাঁদের সম্পর্ক নিয়ে মানুষের আরও কৌতুহল বাড়ছে ইনস্টাগ্রামের নিত্য নতুন পোস্ট দেখে। স্ত্রীকে ছাড়াই ঘুরতে গিয়েছেন নিখিল জৈন। হিমাচল ঘুরে, এখন তিনি পাঞ্জাবে রয়েছেন। হয়তো একা একাই আছেন তিনি। তবুও তাঁর মনের মধ্যে যে ঝড় বইছে, সেটা ছবির ক্যাপশনই জানান দিচ্ছে। সাম্প্রতিক এক ছবিতে দেখা যাচ্ছে পাঞ্জাবের হলদে সরষে খেতের সামনে দাঁড়িয়ে তিনি। না, পাশে তাঁর সিমরান (নুসরত) নেই। একার ছবির ক্যাপশনে নিখিল লিখেছেন, "ঝড়ের মাঝে শান্তি!"
তাহলে কি তাঁর উপর বয়ে যাওয়া ঝড়ের কথা বললেন নিখিল! নাকি নুসরতকে ছাড়াই শান্তি খুঁজছেন তিনি! সেটা সময় বলবে। কিন্তু বারবার প্রতিটা পোস্টের নীচে হ্যাশট্যাগ দিয়ে #কর্মাথ্রেডস কেন লিখছেন সেই নিয়েও নতুন সংশয় দানা বাঁধছে। অন্যদিকে নুসরতের বোন নুজহাতকে নিয়ে কয়েকদিন আগেই একটি পোস্ট করেছিলেন নিখিল। নেটপাড়ার দুষ্টু লোকেরা শ্যালিকাকে জড়িয়ে ধরার ছবি দেখে কুমন্তব্য করলেও, কারও কারও ধারণা, হয়তো নুসরতের থেকে দূরে গিয়েও তাঁর পরিবারের সঙ্গে হয়তো এখনও সুসম্পর্ক রয়েছে নিখিলের। যদিও সবটাই এখন সময়ের অপেক্ষা।