
শেষ আপডেট: 21 April 2022 09:51
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া (Nick Jonas Priyanka Chopra)। সোশ্যাল মিডিয়ায় নিজেরাই সেকথা জানিয়েছিলেন। কিন্তু নিক প্রিয়াঙ্কার সেই যৌথ বিবৃতিতে সদ্যোজাতর নাম তো দূরের কথা, ছেলে হয়েছে না মেয়ে সেটাও খোলসা করেননি তাঁরা।

খবর অবশ্য চাপা থাকেনি। তখনই জানা গিয়েছিল ফুটফুটে একটা মেয়ে হয়েছে তাঁদের। তবে সেই মেয়ের নাম প্রকাশ্যে এল এতদিনে। বেশ বাহারি নামই মেয়ের জন্য বেছে নিয়েছেন তারকা দম্পতি (Nick Jonas Priyanka Chopra)। তাঁদের সম্পর্কের মতো মেয়ের নামেও রয়েছে বলিউড আর হলিউডের মিশেল।

আরও পড়ুন: অভিষেক-ঐশ্বর্যের দাম্পত্যের ১৫ বছর! পুরনো ছবি ফিরে দেখলেন নেটিজেনরা
বলিউডের একটি সূত্রের খবর, প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ের নাম রাখা হয়েছে মালতি মেরি চোপড়া জোনাস। মালতি এমনিতে ফুলের নাম। তাছাড়া প্রিয়াঙ্কা চোপড়ার মায়ের নাম মধুমালতি। সেই নামের শেষ অংশ দিয়েই এমন নামকরণ করা হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। 'মেরি' অংশের কী তাৎপর্য তা এখনও পরিষ্কার নয়। আর মেয়ে মা ও বাবা দুজনের পদবীতেই পরিচিত করছেন প্রিয়াঙ্কারা (Nick Jonas Priyanka Chopra)।

গত জানুয়ারি মাসে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি সারোগেসির মাধ্যমে আমাদের সন্তান জন্ম নিয়েছে। এই বিশেষ মুহূর্তে আমরা সকলের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আবেদন জানাচ্ছি। এখন পরিবারকেই সময় দিতে চাই। ধন্যবাদ।
২০১৮ সালের ডিসেম্বরে নিক-প্রিয়াঙ্কা মহা ধুমধাম করে গাঁটছড়া বেঁধেছিলেন। আমেরিকার লস অ্যাঞ্জেলসে বিলাসবহুল বাংলোতে সংসার পেতেছেন তাঁরা। এখনও মেয়ের কোনও ছবি তাঁরা প্রকাশ্যে আনেননি।