
শেষ আপডেট: 3 January 2020 09:25
সব্যসাচীর ডিজাইন করা গাঢ় লাল লেহেঙ্গায় সেজেছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল বাহারি ডিজাইন করা লাল রংয়ের ওড়না। বিয়ের অনেক ছবিতেই দেখা গিয়েছে লম্বা ঘোমটায় ঢাকা রয়েছে মোহেনার মুখ। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাতেও বিয়েরই একটা ছবি বেছে নিয়েছিলেন মোহেনা। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন সুয়েশ এবং তাঁর পরিবার। ছিলেন মোহেনার পরিবারও। সেই ছবিতেও দেখা গিয়েছে লম্বা ঘোমটায় ঢাকা রয়েছে মোহেনার মুখ।
আর এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে দেদার ট্রোল। অভিনেত্রীর মুখ কেন লম্বা ঘোমটায় ঢাকা তা জানতে চেয়ে প্রশ্ন করেছেন অনেকেই। তবে নেটিজেনদের ট্রোলের কড়া জবাব দিয়েছেন মধ্যপ্রদেশের রেওয়া বংশের রাজকুমারী মোহেনা। স্পষ্ট জানিয়েছেন এটা রাজপুত বংশের ঐতিহ্য। তাই প্রথা মেনেই নিয়ম পালন করেছেন মোহেনা। তবে নেটিজেনদের ট্রোল তাতেও থামেনি। মোহেনার বিরুদ্ধে তোপ দেগে জনৈক ব্যক্তি সটান বলে বসেন, 'এঁরা হচ্ছে সেইসব মানুষ যাঁরা পুরুষতান্ত্রিক সমস্ত প্রথা মেনে নেয়। এমনকি শিক্ষাও এঁদের চোখ খুলে দিতে পারে না।"
নেটিজেনের এমন মন্তব্যেই বেজায় চটে যান মোহেনা কুমারী। সাফ কথায় বলেন, "খ্রিস্টান বা মুসলিমদের বিয়ের ক্ষেত্রেও কনের মাথায় থাকে ওড়না বা ভেল। রীতি মেনে তাঁরাও নিয়ম পালন করেন। তাহলে তাঁরাও কি অশিক্ষিত?" পাশাপাশি মোহেনা এও বলেছেন যে লম্বা ঘোমটায় কনের মুখ ঢেকে রাখা রাজপুত ঘরানার বহু পুরনো ঐতিহ্য। নিজের বিয়েতে শুধু রীতিনীতি মাফিক নিয়ম পালন করেছেন তিনি। আর কিছুই নয়। মোহেনা আরও বলেন, "কেউ আমায় এসব করতে বাধ্য করেনি স্বেচ্ছায় নিয়ম-প্রথা সব মেনে বিয়ে করেছি আমি।"
নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে মোহেনা বলেছেন, "আমি শুধু বলেছি রাজপুতদের মতো খ্রিস্টান এবং মুসলিমদেরও এমন ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখার রীতি রয়েছে। তাহলে রাজপুতদের কেন অশিক্ষিত বলা হচ্ছে।" কেউ যেন মোহেনার মন্তব্যকে বিকৃত না করেন সেই আর্জিও জানিয়েছেন অভিনেত্রী।