এবার নায়কের রোলে ভাজ্জি, বড় পর্দায় আত্মপ্রকাশ টার্বিনেটরের
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় দলে না খেললেও এখনও আইপিএলের আঙিনায় দেখা যায় তাঁকে। তারসঙ্গে ধারাভাষ্যকার হিসেবেও বেশ জনপ্রিয় তিনি। এবার এই হরভজন সিংকে দেখা যাবে বড় পর্দায়। নায়ক হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে ভাজ্জির।
সম্পতি এক তামিল ছবির পোস্টার প্রকা
শেষ আপডেট: 3 February 2020 15:40
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় দলে না খেললেও এখনও আইপিএলের আঙিনায় দেখা যায় তাঁকে। তারসঙ্গে ধারাভাষ্যকার হিসেবেও বেশ জনপ্রিয় তিনি। এবার এই হরভজন সিংকে দেখা যাবে বড় পর্দায়। নায়ক হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে ভাজ্জির।
সম্পতি এক তামিল ছবির পোস্টার প্রকাশ পেয়েছে। সেই ছবির নাম ‘ফ্রেন্ডশিপ’। পোস্টারে দেখা যাচ্ছে দু’জনের হাত বাঁধা রয়েছে একটা হাতকড়ার মাধ্যমে। নীচে লেখা ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের 'ফ্রেন্ডশিপ'। আরও লেখা রয়েছে, প্রথমবার কোনও ক্রিকেট লেজেন্ডকে দেখা যাবে নায়কের ভূমিকায়।
এই ছবির বিষয়বস্তু কী, বা এখানে হরভজনের চরিত্র ঠিক কী সে ব্যাপারে খোলসা করে কিছু বলেননি ছবির নির্মাতারা। ভাজ্জির তরফেও এই ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। দেখে মনে হচ্ছে ছবি মুক্তি পেতে এখনও কিছুটা দেরি আছে। ছবির ট্রেলর প্রকাশ হলে তখন কিছুটা বোঝা যাবে।

তবে ইতিমধ্যেই এই ছবির পোস্টার দেখে খুশি হরভজনের অনুরাগীরা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় ভারতীয় স্পিনারকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ বলছেন, নতুন ভূমিকাতেও মাত করে দেবেন ভাজ্জি। ক্রিকেট মাঠে যেভাবে বিপক্ষের মনে ভয় ধরিয়ে দিতেন, সেভাবেই বড় পর্দায় আগুন লাগিয়ে দেবেন তিনি। কেউ আবার মজা করে বলেছেন, চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলেন বলেই হয়তো তামিল ছবিতে প্রথমে সুযোগ পেলেন হরভজন।
অবশ্য এর আগেও কিছু ক্রিকেট তারকাকে বড় পর্দায় দেখা গিয়েছে। সলিল আঙ্কোলা, শ্রীসন্থের মতো ক্রিকেটাররা বিনোদন জগতকেই নিজেদের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন। অজয় জাদেজাকেও দেখা গিয়েছে বড় পর্দায়। কপিল দেব, মহম্মদ কাইফ, যুবরাজ সিং, পার্থিব পটেলদের ছোট চরিত্রে কিংবা বিজ্ঞাপনে দেখা গিয়েছে। হরভজন নিজেও আগে ছোট চরিত্র করেছেন। এবার নায়কের ভূমিকায় আত্মপ্রকাশ হতে চলেছে তাঁর।