দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করার জন্য বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও তাঁর বোন রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মুম্বই পুলিশ। তাঁদের বিরুদ্ধে সমনও পাঠানো হয়। কিন্তু এর আগে তিনবার সমনেও হাজিরা দেননি তাঁরা। অবশ্য এবার তাঁদের হাজিরা দিতেই হবে। বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে আগামী ৮ জানুয়ারির মধ্যে মুম্বই পুলিশের সামনে হাজিরা দিতে হবে তাঁদের।
কঙ্গনা ও রঙ্গোলির তরফে বম্বে হাইকোর্টে এই মামলা খারিজ করার আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন গ্রাহ্য করেনি আদালত। এদিন আদালতে কঙ্গনার আইনজীবী জানান, পরিবারে বিয়ে থাকায় হাজির হতে পারেননি তাঁরা। আইনজীবী কঙ্গনা ও রঙ্গোলির বয়ান পড়ে শোনান। বয়ানে লেখা ছিল, “বিয়ে থাকায় আমরা যেতে পারছি না। তাই আমরা বিবৃতি পাঠিয়ে সেটা জানাচ্ছি।” অবশ্য এই আবেদন গ্রহণ করেনি আদালত। বিচারক জানান, “যেখানে আপনারা থাকুন না কেন সমনকে সম্মান জানাতে হবে।”
এদিন আদালতের তরফে প্রশ্ন করা হয় কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা কেন দায়ের করা হয়েছে। বিচারক শিণ্ডে প্রশ্ন করেন, “আপনারা কি দেশের নাগরিকের সঙ্গে এরকম ব্যবহার করেন? ১২৪এ?” আদালত আরও জানায়, “আমরা নির্দেশ দিচ্ছি আপনাদের সময় দেওয়া হবে। আমরা অনুমতি দিচ্ছি কঙ্গনা ও রঙ্গোলিকে গ্রেফতার করা যাবে না। জানুয়ারি মাসে যখন তাঁরা আসবেন তখন তাঁরা পুলিশের সামনে হাজিরা দেবেন।”
তার পরিপ্রেক্ষিতে মুম্বই পুলিশের আইনজীবী প্রশ্ন করেন, “যদি তাঁরা প্রোটেকশন চান তাহলে যত দ্রুত সম্ভব তাঁরা আসুন। তাঁদের মধ্যে এত কী বিশেষত্ব রয়েছে যাতে তাঁদের জানুয়ারি অবধি অপেক্ষা করতে হবে।”
সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক ও উস্কানিমূলক মন্তব্য করার জন্য কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে এফআইআর দায়ের করে মুম্বই পুলিশ। তিনবার সমন পাঠালেও হাজির হননি তাঁরা। পুলিশকে জবাবে তাঁরা জানান হিমাচলপ্রদেশে ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে আটকে যাওয়ায় হাজির হতে পারননি তাঁরা। তারপরেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় পুলিশ। এদিন বম্বে হাইকোর্টের তরফে তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হল।