দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় উঠে এসেছে বলিউডের মাদক যোগের ছবি। বিজেপির অভিযোগ, এই মাদক যোগের অভিযোগ নাকি গুরুত্ব দিয়ে দেখেইনি মুম্বই পুলিশ। এবার বিজেপিকে সেই মাদক যোগেই ঘায়েল করতে চাইলে মহারাষ্ট্র সরকার। জানা গিয়েছে বলিউডের এক পরিচালক সন্দীপ সিংয়ের বিরুদ্ধেও মাদক যোগের অভিযোগ উঠেছে। এই বিষয়ে সিবিআই তদন্ত করবে বলেও জানানো হয়েছে। এই সন্দীপ সিং ২০১৯ লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক প্রযোজনা করেছিলেন।
শনিবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন সন্দীপ সিংয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়ার পরে এই তদন্তের আবেদন জানিয়েছেন তিনি। দেশমুখ বলেন, “সিবিআই সন্দীপ সিংকে নিয়ে তদন্ত করবে। তিনি প্রধানমন্ত্রীর বায়োপিক প্রযোজনা করেছিলেন। বিজেপির সঙ্গে তাঁর কী সম্পর্ক আছে তা খতিয়ে দেখা হবে। সেইরকম ভাবেই বলিউড ও মাদকের সঙ্গে তাঁর কী যোগ আছে তাও তদন্ত হবে। আমি এই বিষয়ে অনেক অভিযোগ পেয়েছি। আমরা এই তদন্তের আবেদন জানাচ্ছি।”
মহারাষ্ট্রে শিবসেনা ও এনসিপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। সেই কংগ্রেস শুক্রবার দাবি করেছে, সুশান্ত সিং রাজপুতের ঘটনায় ‘বিজেপি অ্যাঙ্গল’ তদন্ত করে দেখা হোক। কংগ্রেসের মুখপাত্র শচীন সাওয়ান্ত জানিয়েছেন সন্দীপ সিংকে মাদক যোগ নিয়ে প্রশ্ন করুক সিবিআই। তিনি বলেন, “নিশ্চয় এর সঙ্গে বিজেপির যোগ আছে। সিবিআই তদন্ত করে দেখবে প্রধানমন্ত্রীর বায়োপিকের প্রযোজকের সঙ্গে মাদকের কী যোগ। এটা খুবই সিরিয়াস ঘটনা। তাই জন্যই কি এই তদন্তে সিবিআইকে তড়িঘড়ি আনা হল। যখন বলিউডে এত বড় প্রযোজক আছেন, তখন কেন প্রধানমন্ত্রীর বায়োপিকের প্রযোজনা সন্দীপ সিং করলেন?”
শচীন সাওয়ান্ত আরও বলেন, “বিজেপি, বলিউড ও মাদকের মধ্যে কী যোগ রয়েছে তা খতিয়ে দেখা উচিত মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। বিজেপি ও বলিউডের যোগের কথা সবাই জানে। তাহলে কি কাউকে বাঁচানোর জন্য সিবিআইকে দাউইত্ব দেওয়া হয়েছে। মহারাষ্ট্র সরকারের এই দিকটা তদন্ত করে দেখা উচিত।”
যদিও এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপিই মুখপাত্র কেশব উপাধ্যায়। তিনি ২০১৫ সালের একটি আর্টিকল সামনে আনেন, যেখানে লেখা হয়েছিল শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের পুত্রবধূ স্মিতা থাকরে তাঁর বায়োপিক করার জন্য সন্দীপ সিংয়ের সঙ্গে কথা বলছেন। এই আর্টিকল তুলে ধরে তিনি বলেন, “আগে হোমওয়ার্ক করে আসুন। আপনারা কি এর মধ্যেও যোগ পাচ্ছেন?”
সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদক যোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ ঘেঁটে এমনটাই জানা গিয়েছে। সেই মাদক যোগ নিয়ে তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তার মধ্যেই এবার এই মাদক যোগ নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা।