দ্য ওয়াল ব্যুরো: কিডনিতে সংক্রমণের জন্য মৃত্যু হয়েছে বলিউডের নামকরা সঙ্গীত পরিচালক সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ খানের। যদিও সূত্রের খবর, করোনাভাইরাসেও সংক্রামিত হয়েছিলেন তিনি। ওয়াজিদের মৃত্যুর পরের দিনই কোভিড পজিটিভ রিপোর্ট এল তাঁর মা রাজিনা খানের।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, রাজিনা খানের শরীরে ভাইরাস পাওয়া যাওয়ায় তাঁকে চেম্বুরের সুরানা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালেই ভর্তি ছিলেন ওয়াজিদ। পরিবারের এক সদস্য জানিয়েছেন, “রাজিনার সংক্রমণ ধরা পড়েছে। যদিও তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট ভাল। এই মুহূর্তে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত সেখানেই ভর্তি থাকবেন তিনি।"
সোমবার সকালে মাত্র ৪২ বছর বয়সে ওয়াজিদের মৃত্যুর খবর সামনে আসে। এই খবর দেন তাঁর বন্ধু তথা সঙ্গীত পরিচালক সেলিম মারচেন্ট। তিনি বলেন, “ওয়াজিদের নানারকমের শারীরিক সমস্যা ছিল। বেশ কিছু দিন আগে তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। কিন্তু সম্প্রতি ফের তাঁর কিডনিতে সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে চারদিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল ওয়াজিদকে। কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে যায়।”
মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই শেষকৃত্য সম্পন্ন হয় ওয়াজিদের। উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী, ভাই সাজিদ খান ও বন্ধু আদিত্য পাঞ্চোলি। ওয়াজিদের মৃত্যুর খবর আসার পর থেকেই বলিউডের অনেক তারকা টুইট করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান, সলমন খানরা শ্রদ্ধা জানান।
গত একমাসের মধ্যে বলিউডে এই নিয়ে তিনজনের মৃত্যু হল। এক মাস আগে মারা যান বিখ্যাত অভিনেতা ইরফান খান। তারপরেই মৃত্যু হয় বলিউডের আর এক লেজেন্ড ঋষি কাপুরের। এবার মারা গেলেন ওয়াজিদ খান। পরপর এই মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। অনেকেই এই বছরকে সবথেকে খারাপ বছর বলে উল্লেখ করা শুরু করেছেন।