দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল অঙ্কিতা লোখান্ডের। টেলিভিশনের ধারাবাহিক 'পবিত্র রিশতা'-র সেটে আলাপ হয় দুই তারকার। বন্ধুত্বের সম্পর্ক ক্রমশ গাঢ় হয়। তারপর বেশ কয়েকবছর তাঁরা সম্পর্কে ছিলেন। কিন্তু ২০১৬ সালে ব্রেক আপ হয়ে যায় সুশান্ত-অঙ্কিতার। তারপর থেকে দু'জনের মধ্যে আর কোনও যোগাযোগ ছিল না। সুশান্তের মৃত্যুর পর বিভিন্ন প্রসঙ্গে প্রকাশ্যেই একথা বলেছেন অঙ্কিতা।
তবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রিয়া চক্রবর্তী দাবি করেছেন যে আলাদা হওয়ার পরেও সুশান্তের সঙ্গে যোগাযোগ ছিল অঙ্কিতার। যদিও রিয়ার সব দাবিকেই মিথ্যে বলে নস্যাৎ করেছেন অঙ্কিতা। সেই সঙ্গে নিজের ইনস্টাগ্রামে একটি বিবৃতিও দিয়েছেন তিনি। অঙ্কিতা লিখেছেন, "২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সুশান্তের সঙ্গে ছিলাম আমি। কোনওদিন ওকে অবসাদগ্রস্ত দেখিনি। কোনও মনোবিদের কাছে যেতেও দেখিনি। আলাদা হওয়ার পর ওর সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। কেবল মনিকর্নিকার সময় আমার বন্ধু মুকেশ ছাবরার ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টারে সুশান্ত কমেন্ট করে আমায় শুভেচ্ছা জানিয়েছিল। স্বাভাবিক আচরণ অনুযায়ী আমিও জবাব দিয়েছিলাম।"
অঙ্কিতা আরও লিখেছেন, "আমি যতদিন সুশান্তের সঙ্গে ছিলাম ওর কোনও মানসিক সমস্যা আমার চোখে পড়েনি। এতদিন প্রকাশ্যে আমি তাই-ই বলেছি। রিয়ার ব্যাপারে আমায় জিজ্ঞাসা করা হলেও যা সত্যি তাই বলেছি। আমি বলেছি যে রিয়ার ব্যাপারে এবং ওর সঙ্গে সুশান্তের সম্পর্কের ব্যাপারে আমি কিছু জানি না। আমার মাথাব্যথাও নেই যে নিয়ে। তবে একজন যখন আচমকা মারা গেলেন সেটা নিয়ে অবশ্যই মাথা ঘামাচ্ছি আমি। সুশান্তের সঙ্গে যতদিন ছিলাম ততদিন ও কেমন ছিল এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে আমি সবসময় সত্যিটাই বলব। আর আমার ফ্ল্যাট প্রসঙ্গে বিস্তারিত বর্ণনা তো আগেই দিয়েছি।"
এখানেই থামেননি অঙ্কিতা। তিনি আরও লিখেছেন, "আমি সত্যের পথেই থাকব। রিয়ার সঙ্গে নয়। সুশান্তের পরিবার মনে করে রিয়াই ওকে ক্রমশ শেষের দিকে নিয়ে গেছে। যে ব্যাপারে যথেষ্ট প্রমাণ আছে যেগুলো এড়ানো সম্ভব নয়। সুশান্তের পরিবারের তরফের সব বক্তব্য আমি শুনেছি। শেষ পর্যন্ত আমি ওদের সঙ্গেই থাকব।"