
শেষ আপডেট: 7 January 2020 13:32
বলিউডের তারকা রাস্তায় হাঁটছেন, আর আশেপাশের লোকের এমন অভিব্যক্তি! হঠাৎ এমনটা হওয়ার কারণ কী?
পেলব মেকআপ বা ঝাঁ চকচকে চেহারায় এদিন বাইরে বেরনোনি। বরং প্রকাশ্যে এসেছিলেন 'মালতী'-র লুকে। এই তরুণী একজন অ্যাসিড অ্যাটাক সারভাইভার। মেঘনা গুলজার পরিচালিত 'ছপক' ছবিতে মালতীর চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। অ্যাসিডে ঝলসানো মুখ, তামাটে রংয়ের চামড়া। নাক-চোখের অনেকটাই ঝলসে গিয়েছে অ্যাসিডে। এমন চেহারাতেই মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেরিয়েছেন দীপিকা। সঙ্গে ছিলেন আরও কয়েকজন অ্যাসিড অ্যাটাক সারভাইভার।
https://www.instagram.com/p/B7AjR3tjqhb/
জাঙ্ক জুয়েলারির দোকান থেকে শুরু করে কাপড়ের পসরা কিংবা ডিপার্টমেন্টার স্টোরে সবেতেই দীপিকা এবং তাঁর দলকে সইতে হয়েছে বাঁকা চাউনি। লোকের উপেক্ষা থেকে নাক সিঁটকে সরে যাওয়া সবই পেতে হয়েছে তাঁদের। তবে সবাই যে একরকম তা নয়। মিষ্টি হেসে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই। হাসিমুখে সেলফিও নিয়েছেন কেউ কেউ। তবে সে সংখ্যা নেহাতই হাতেগোনা। উপেক্ষা, অবহেলা, বাঁকা চাউনি-----এসবই যেন অ্যাসিড আক্রান্ত এবং সারভাইভারদের প্রাপ্য।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করেছেন দীপিকা। যেখানে দীপিকাকে বলতে শোনা গিয়েছে, "দীপিকা হিসেবে কোথাও গেলে সবাই চিনে যান। দৌড়ে আসেন। তবে আজ মালতীর চেহারাটাই সবাইকে দেখাতে চাই। দেখা যাক লোকে কী বলে।" এরপরেই শুরু হয় দীপিকা এবং তাঁর গার্লস গ্যাংয়ের সফর। বাজার-দোকান ঘুরে ভিডিও-র শেষে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, "আজ সারাদিন ঘুরে এটাই বুঝলাম যে চোখের সামনে এমন অনেক কিছুই হয় যেটা সবসময় বোঝা যায় না। দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন রয়েছে।"