দ্য ওয়াল ব্যুরো: এই বছর নভেম্বরেই নাকি গাঁটছড়া বাঁধবেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। অন্তত টিনসেল টাউনে কানাঘুষো শোনা যাচ্ছিল এমনটাই।
ইতালির লেক কোমো-তে বসার কথা ছিল বিয়ের আসর। শোনা গিয়েছিল, বিয়ের আসরে উপস্থিত থাকবেন জুটির ঘনিষ্ঠ জনা তিরিশ। ইতালি থেকে বিয়ে সেরে মুম্বই ফিরবেন দীপিকা এবং রণবীর। আর সেখানেই হবে বিলাসবহূল রিসেপশন পার্টি। কিন্তু আচমকাই জানা গিয়েছেন দীপবীরের বিয়ের ডেট নাকি পিছিয়ে গিয়েছে। আর এরপর থেকেই শুরু হয়েছে জোরদার গুঞ্জন।
বিয়ের ঠিক দু'মাস আগে বিয়ের তারিখ পিছিয়ে যাওয়া নিয়ে অবশ্য নানা মুনির নানা মত। ফ্যানরা বলছেন নিশ্চই কোনও ছবির শ্যুটিং রয়েছে। আর সেই জন্যেই বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছেন এই তারকা জুটি। তবে নিন্দুকেরা কিন্তু এর মধ্যেও পেয়ে গিয়েছেন রহস্যের গন্ধ। অনেকেই বলছেন তাহলে কি রণবীরের মনে ধরেছে অন্য কাউকে? কেউবা বলছেন বিয়ের তারিখ টারিখ কিছুই পিছোয়নি। এসব সব পাবলিসিটি স্টান্ট।
আর এই সবের মাঝখানে উঠছে আরেকটি প্রশ্নও। তবে কি রণবীর সিং আর দীপিকার সম্পর্কে ফাটল ধরল? বিয়েটা ভেস্তে গেল না তো?
তবে এই প্রসঙ্গে মুখ খোলেননি দুই তারকার কেউই। কেনই বা পিছিয়ে গেল বিয়ের তারিখ, কবে বা ঠিক হয়েছে নতুন তারিখ সেই বিষয়েও জানা যায়নি কিছুই।
তবে দীপবীর জুটির নিন্দুকেরা যখন এসব ভাবতে ব্যস্ত সেই সময় আগামী ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর সিং। রোহিত শেট্টির পরিচালনায় এই ছবিতে রণবীরের বিপরীতেই নায়িকা হিসেবে অভিনয় করবেন সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান।
অন্য দিকে বলিউডের একাংশ বলছে পদ্মাবতের পর সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী ছবিতে সই করতে চলেছেন দীপিকা পাড়ুকোন। পাশাপাশি হলিউডের ছবিতেও নাকি দেখা যাবে এই নায়িকাকে। যদিও গোটা ব্যাপারে খোলসা করে কিছুই জানাননি দীপিকা এবং বনশালী।