দ্য ওয়াল ব্যুরো: ছবির নাম ঘোষণার পর থেকেই 'ঠগস অফ হিন্দোস্তান' নিয়ে উন্মাদনা ছিল দর্শকদের মধ্যে। অবশেষে মুক্তি পেল সেই ছবির ট্রেলর। এক স্ক্রিনে অমিতাভ বচ্চন আর আমির খান যে আসন্ন দিওয়ালিতে খেলা জমিয়ে দেবেন তা বোঝা গেল ট্রেলরের প্রতিটি মুহূর্তে।
প্রেক্ষাপট ১৭৯৫। ব্রিটিশদের অত্যাচারে ভারতবাসী জর্জরিত, নিপীড়িত এবং অসহায়। কিন্তু ঠগরা সবার থেকে আলাদা। কারোর গোলামি সয়ে যাওয়া তাদের ধাতে নেই। তারা জানে প্রতিবাদ করতে। যেনতেনপ্রকারেণ অধিকার ছিনিয়ে নিতে। হকের জিনিস হকের সঙ্গেই আদায় করতে। আর এমনই এক ঠগ হলেন 'আজাদ'। এই আজাদের চরিত্রেই অভিনয় করেছেন বিগ বি। বলিউডে তিনি যে জন্য যবেচেয়ে বেশি পরিচিত সেই ব্যারিটোন ভয়েস আর অ্যাংরি ম্যানের মোড়কে অমিতাভ নিঃসন্দেহে এই ছবির অন্যতম ইউএসপি। মারকাটারি অ্যাকশন সিক্যুয়েন্সে দেখা যাবে মিস্টার বচ্চনকে। যিনি আবার দুহাতেই তরোয়াল চালাতে পারদর্শী। আর আজাদের অসব লড়াইয়ে তাঁর সঙ্গী হন ফতিমা সানা শেখ ওরফে জাফিরা।
তবে লড়াইয়ের ময়দানে ই আজাদের পরিচয় হয় ফিরঙ্গি মল্লাহ্র সঙ্গে। এই চরিত্রে অভিনয় করেছেন আমির খান। নামের মতোই তাঁর চরিত্রও যে বেজায় রঙিন তা স্পষ্ট এই ট্রেলরে। আর রয়েছেন সুরাইয়া, অন্যতম সুন্দরী ঠগ। সংলাপে ফিরঙ্গিকে বলতে শোনা যাবে ধোঁকা দেওয়া তাঁর স্বভাব। আর আজাদ জানাবেন বিশ্বাস আর ভরসাই তাঁর কাছে সব। তবে কে কাকে ধোঁকা দেন আর কে কার বিশ্বাসের মর্যাদা সেটা খোলসা হবে আগামী ৮ নভেম্বর।
দেখুন ট্রেলর।
https://www.youtube.com/watch?v=zI-Pux4uaqM