দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনে বেশ কয়েকবার বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী তনুশ্রী দত্ত। অভিযোগ এনেছেন টিনসেল টাউনের প্রথম সারির অভিনেতা এবং পরিচালকের বিরুদ্ধে। এ বার তাঁর অভিযোগের তালিকায় নাম জড়িয়েছে সলমন খানের।
সম্প্রতি শোনা গিয়েছিল, বিগ বসের ঘরে তনুশ্রী প্রতিযোগী হয়ে গেলে ভাঙচুর করা হবে বিগ বসের সেট। অভিযোগ, মুম্বইয়ের লোখান্ডওয়ালায় বিগ বসের সেটে গিয়ে এমনটাই হুমকি দিয়ে এসেছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এই ঘটনার পরেই ক্ষেপে যান তনুশ্রী। সটান তোপ দাগেন বিগ বস কর্তৃপক্ষ এবং সলমনের বিরুদ্ধে। এর আগে নবনির্মাণ সেনার বিরুদ্ধেও তাঁর গাড়ি ভাঙচুর করার অভিযোগ এনেছিলেন তনুশ্রী।
প্রসঙ্গত, তনুশ্রীর বারংবার বিস্ফোরক অভিযোগের ফলে অনেকেই ভেবেছিলেন হয়তো বিগ বসের ঘরে যাওয়া জন্যই এমন আচরণ করছেন তনুশ্রী। সবটাই পাবলিসিটি স্টান্ট। আর এতেই বেজায় চটেছেন নায়িকা। তনুশ্রী বলেন, "অনেকবার বিগ বসে যাওয়ার অফার পেয়েছি। যদি যাওয়ার হতো আগেই যেতাম। সলমন কি ভগবান? বিগ বসের ঘর কি স্বর্গ? সবই গটাপ।"
এ দিকে তনুশ্রী এ হেন মন্তব্যে বেজার চটেছেন ভাইজানের ফ্যানেরা। দেশে বিদেশে অগুনতি ভক্ত রয়েছে সলমন খানের। অনেকের কাছেই সলমন তাঁদের জীবনের আদর্শ। সেখানে ভাইজানকে নিয়ে এমন মন্তব্যের জেরে ভবিষ্যতে তনুশ্রীকে সমস্যায় পড়তে হবে বলেই মনে করছেন টিনসেল টাউনের একাংশ।