দ্য ওয়াল ব্যুরো: মার্জার প্রজাতি যেমন নিঃশব্দে হাঁটে অবিকল তেমনটাই ফ্যাশন শোয়ের র্যাম্পে হাঁটেন সুন্দরী মডেলরা। তাঁদের 'ক্যাট ওয়াক'-এর ছন্দে মাতেন বিশ্ববাসী। তবে র্যাম্প ওয়াকের সঙ্গে বিড়ালদের একটা মিল থাকলেও কখনও শুনেছেন র্যাম্প মাতাচ্ছে কুকুর! গুজব নয়। এমনটাই ঘটেছে বাস্তবে। তাও আবার এক বিখ্যাত ফ্যাশন ডিজাইনারের শো-তে।
মুম্বইয়ের নামজাদা ফ্যাশন ডিজাইনার রোহিত বাল। আর রোহিতের ফ্যাশন শো মানেই যে জমকালো আয়োজন তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি চোখ ধাঁধানো এক ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন রোহিত। শো স্টপার ছিলেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা এবং ডায়না পেন্টি।
বুধবার সন্ধ্যায় ফ্যাশন ইভেন্টের র্যাম্পে হাঁটতে উঠেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। কিন্তু ও কী! তারকার আগে আগেই তো র্যাম্পে হাঁটছেন আরও একজন। নিমেষেই ক্যামেরার লেন্স ঘুরে গেল তার দিকে। সিদ্ধার্থের সামনে হাঁটতে থাকা সে আর কেউ নয়, এক দিশি কুকুর। চোখের পলকে তারকার দিক থেকে সমস্ত লাইমলাইট একাই কেড়ে নিলেন এই সারমেয়। এখানেই শেষ নয়। র্যাম্পের মঞ্চে পিছনে দাঁড়ানো ছিলেন পাঁচ সুন্দরী মডেল। তাঁদের সামনেও দিব্যি লেজ উঁচিয়ে পোজ দিলো এই চারপেয়ে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই গোটা ঘটনার ভিডিও। মুহূর্তের মধ্যেই তা হয়েছে ভাইরাল। দিশি কুকুরের র্যাম্প ওয়াকেই আপাতত মজেছেন নেটিজেনরা।
দেখুন ভিডিও:
https://youtu.be/oT-OwJtOrCY