দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নতুন করে বলিউডের স্বজনপোষণ নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে বিটাউনের ইনসাইডার আর আউসাইডার প্রসঙ্গেও জলঘোলা হয়েছে প্রচুর।
এ বার এইসব প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা সোনু সুদ। পর্দার ভিলেন বাস্তবের হিরো সোনুর কথায় স্টার কিডদের তুলনায় বাইরের ছোট শহর থেকে আসা অভিনেতাদের ক্ষেত্রে বলিউডে জায়গা করে নেওয়া বেশ কঠিন। সোনুর কথায়, "সুশান্ত খুব কঠোর পরিশ্রমী ছিলেন। বলিউডের বাইরে থেকে কেউ এসে উন্নতি করলে আমাদের খুব ভাল লাগে, গর্ব হয়। তবে এরম মর্মান্তিক ঘটনা ঘটলে খুব ভেঙে পড়ি আমরা।"
সোনু বলেছেন, "বলিউডে বাইরে থেকে আসা সব মানুষের ওপরেই চাপ থাকে খুব বেশি। কাজের খোঁজে এই শহরে প্রতিদিন নতুন মানুষ আসেন। তাঁদের মধ্যে হাতে গোনা কয়েকজনই সফল হন। বাইরের লোক সবসময় বাইরের লোকই থাকে।" অভিনেতা নিজে যখন মুম্বই এসেছিলেন তখন তাঁর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি ছিল। তবে নিরাপদ কেরিয়ার ছেড়ে স্বপ্ন পূরণের রাস্তায় এগিয়েছিলেন তিনি। সোনুর কথায়, "আমি ভেবেছিলাম আমার ডিগ্রি দেখে লোকের আচরণ অন্যরকম হবে। তবে একেবারেই তা হয়নি। কোনও জায়গায় এমনি এমনি সুযোগ আসেনি। ৬-৮ মাসেই বুঝে গিয়েছিলাম আমার জার্নি সহজ হবে না।"
নয় নয় করে বলিউডের অনেক নামি অভিনেতার সঙ্গেই কাজ করেছেন সোনু। তবে সিনে দুনিয়ায় তাঁর ভিত্তি তেমন সুদৃঢ় নয়। বেশিরভাগ সিনেমাতেই সাইড রোলেই দেখা যায় তাঁকে। সোনুর কথায়, "বাইরের লোকেদের জন্য একটাই কথা বলব স্নায়ু যদি ইস্পাতের মতো হয় তাহলেই এই জগতে এসো। সুন্দর দেখতে হলে বা ভাল চেহারা থাকলেই এসো না। কারণ এগুলো থাকলেই কোনও প্রযোজনা সংস্থা ভাল কাজ দেবে না। স্টার কিডদের ক্ষেত্রে ব্যাপারটা অনেক সহজ। কিন্তু বাইরের লোকেরা বাইরের লোকই থাকে।"