দ্য ওয়াল ব্যুরো: জুলাই মাসের শুরুর দিকেই জানা গিয়েছিল মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত হয়েছেন সোনালি বেন্দ্রে। চিকিৎসকরা জানিয়েছিলেন রোগ ধরা পড়েছে বেশ জটিল পর্যায়ে। এরপর নিউ ইয়র্কে শুরু হয় চিকিৎসা। তবে এত জটিল পরিস্থিতিতেও কিন্তু হার মানেননি অভিনেত্রী। বরং জানিয়েছিলেন, পরিবার আর বন্ধু-বান্ধবের শুভেচ্ছায় জীবনের প্রতিটা মুহূর্ত এখন পজিটিভ মনোভাব নিয়ে কাটাচ্ছেন তিনি।
এ বার তিনি সোশ্যাল মিডিয়ায় এলেন একেবারে অন্য লুকে। কিছুদিন আগে ফ্রেন্ডশিপ ডে-তে দুই প্রিয় বান্ধবী সুজান খান এবং গায়ত্রী জোশীর সঙ্গে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন সোনালি। ছবিতে ন্যাড়া অবস্থায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে সোনালি জানিয়েছিলেন, “ন্যাড়া হওয়াও একটা সৌন্দর্য।" কিন্তু তিনি নিজেও যে মন থেকে তাঁর নতুন লুক মেনে নিতে পারেননি সেটাই বোঝা গেল তাঁর নতুন ইনস্টাগ্রাম পোস্টে।
https://www.instagram.com/p/BnVYAYAFNgc/?taken-by=iamsonalibendre
ক্যানসারের চিকিৎসা চলার ফলে চুল কেটে ফেলেছেন সোনালি এখন তিনি সম্পূর্ণ ন্যাড়া। কিন্তু তাতে কী? ফ্যাশন সেন্স একটুও কমেনি অভিনেত্রীর। আর নতুন লুকের নিউ ফ্যাশন তৈরি করার জন্য সোনালি ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াকে। বলিউডের ফ্যাশন ডিভাদের মধ্যে পিগি চপস রয়েছেন প্রথম সারিতে। তাঁর স্টাইল স্টেটমেন্টে মেতে থাকে গোটা বিশ্ব। এ বার তিনিই সাজালেন সোনালিকে।
পোস্ট শেয়ার করে সোনালি লিখেছেন, "নিজেকে সুন্দর দেখাক এটা কে না চায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেটা করলে, যেভাবে সাজলে আপনি সবচেয়ে খুশি হবেন সেটা করা।" সোনালি আর বলেন, "চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত থাকার ফলে আমিও চাই নিজেকে সুন্দর দেখাতে। আর এখন আমি আমার খুশি মতো সাজি। কখনও ইচ্ছে হলে পরচুল পরে নিই। ঠোঁটে লাগিয়ে নিয়ে গাঢ় লিপস্টিক। যখন ইচ্ছে হয় তখন স্কার্ফ জড়িয়ে নিই। কখনও বা বেরিয়ে পড়ি একেবারে ন্যাড়া হয়েই, কিংবা মাথায় একটা টুপি পরে। এখানে কেউ বলার নেই কোনটা আমার জন্য ঠিক, আর কোনটা ভুল। যা আমায় আনন্দ দেয় তাই এখন আমি সেটাই করি।"
আর সবশেষে প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানিয়ে সোনালি বলেন, "থ্যাঙ্ক ইউ প্রিয়াঙ্কা আমায় এত ভালো একজন হেয়ার স্টাইলিস্টের সঙ্গে পরিচয় করানোর জন্য, যে আমায় এত সুন্দর লুক দিয়েছে।"