নিজেকে এয়ার ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করলেন কিং খান, কিন্তু কেন?
দ্য ওয়াল ব্যুরো : এয়ার ইন্ডিয়া'র পরিষেবা নিয়ে সম্প্রতি অনেক সমালোচনা হয়েছে। তার ফলে রীতিমতো লোকসানে চলতে হয়েছে এই সরকারি বিমান সংস্থাকে। এমনকী এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এর মধ্যেই এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে ভূয়সী প্র
শেষ আপডেট: 19 November 2018 06:05
দ্য ওয়াল ব্যুরো : এয়ার ইন্ডিয়া'র পরিষেবা নিয়ে সম্প্রতি অনেক সমালোচনা হয়েছে। তার ফলে রীতিমতো লোকসানে চলতে হয়েছে এই সরকারি বিমান সংস্থাকে। এমনকী এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এর মধ্যেই এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে ভূয়সী প্রশংসা করলেন শাহরুখ খান।
সম্প্রতি নিউইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার বিমান 'মহারাজা'তে চড়ে মুম্বই এসেছেন কিং খান। আর এসেই সোশ্যাল মিডিয়ায় এই বিমানের প্রশংসা শোনা গেল শাহরুখের মুখে। নিজের টুইটারে শাহরুখ লিখেছেন, " বেসরকারিভাবে আমি নিজেকে এয়ার ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করছি। মহারাজার সমস্ত কর্মচারী, পাইলটদের ব্যবহারে আমি খুব খুশি। মহারাজা মহারাজাই হয়।"
https://twitter.com/iamsrk/status/1064083466797629440
শাহরুখ খানের এই টুইটের জবাবে টুইট করতে দেখা যায় এয়ার ইন্ডিয়ার তরফেও। বলিউডের বাদশার এই কথার জন্য তাঁকে ধন্যবাদ দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে। বলে হয়েছে, " কিং খানকে পরিষেবা দেওয়ার জন্য মহারাজা সবসময় তৈরি। আপনার এই মন্তব্যের জন্য এয়ার ইন্ডিয়া পরিবার খুব খুশি। এটা আমাদের আরও উৎসাহ দেয়। কিং খান যদি মহারাজার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন, তাহলে আমরা খুব খুশি হব।"
এই টুইটার কথাবার্তার পর প্রতিক্রিয়া শোনা যায় অনুরাগীদের কাছ থেকে। অনেকেই বলেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর না হয়েও এয়ার ইন্ডিয়ার লাভ করে দিলেন শাহরুখ। কারণ শাহরুখ খানের এই মন্তব্যের পর তাঁর অনুরাগীদের অনেকেই এই বিমানে চাপবেন। ফলে লাভের মুখই দেখবে এই সরকারি বিমানসংস্থা।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই সরকার ঠিক করেছিল, এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বিক্রি করে দেবে। কিন্তু প্রায় মাস খানেক চেষ্টার পরেও কোনও ক্রেতা পাওয়া যায়নি। তাই তারপর পরিকল্পনা বদল করে সিদ্ধান্ত নেওয়া হয়, এই মুহূর্তে বেসরকারিকরণ করা হচ্ছে না। মহারাজা'র আধুনিকীকরণের জন্য কয়েকশ কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার। তারপরেও লাভের মুখ দেখা যাচ্ছিল না। কিন্তু এ দিন শাহরুখের এই টুইটের পর আশার আলো দেখছে সবাই।