দ্য ওয়াল ব্যুরো: শুধুমাত্র শেখর কাপুর নন, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আরও এক পরিচালকের বয়ান রেকর্ড করবে মুম্বই পুলিশ। পরিচালক সঞ্জয় লীলা বনশালির বয়ানও রেকর্ড করা হবে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।
রামলীলা, বাজিরাও মস্তানি, পদ্মাবতের মতো ব্লকবাস্টার ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল, যশ রাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের কন্ট্র্যাক্ট থাকায় তাঁর ছবি থেকে অভিনেতাকে বাদ দিয়েছিলেন পরিচালক। এভাবে ছবি হাতছাড়া হওয়ায় অবসাদ গ্রাস করে সুশান্তকে। সেই সংক্রান্ত কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
এছাড়া পরিচালক শেখর কাপুরকেও জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ। তাঁর ছবি ‘পানি’তে কাজ করার কথা ছিল সুশান্তের। কিন্তু শেষ মুহূর্তে প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মস সরে দাঁড়ায়। ফলে ছবিটি হয়নি। যশরাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের কন্ট্র্যাক্টও চেয়ে পাঠিয়েছে পুলিশ।
সুশান্তের মৃত্যুর পরে অভিযোগ ওঠে বলিউডের অনেক প্রভাবশালী ব্যক্তি জোর খাটিয়ে সুশান্তের কাছ থেকে অনেক কাজ ছিনিয়ে নিয়েছিলেন। বলিউডের স্বজনপোষণের শিকার হতে হয়েছিল বাইরে থেকে আসা সুশান্তকে। তাই আত্মহত্যার মতো এরকম চরম পদক্ষেপ নেন তিনি। এই অভিযোগে পরিচালক ও প্রযোজক করণ জোহর, পরিচালক সঞ্জয় লীলা বনশালি, প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে বিহারে অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেয় মহারাষ্ট্র সরকারও।
গত ১৪ জুন রবিবার দুপুরে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় আত্মহত্যা করেছেন অভিনেতা। গলায় ফাঁস লাগার ফেলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। অভিনেতার এমন মর্মান্তিক এবং রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমেছে বান্দ্রা পুলিশ। কেন মাত্র ৩৪ বছরে সুশান্ত আত্মহত্যা করলেন সেটাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
রাজনীতি ও বিনোদন জগতের অনেকেই সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলতে নারাজ। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। তদন্তের গতি বাড়াচ্ছে মুম্বই পুলিশও। ইতিমধ্যেই কমপক্ষে ২৮ জনকে জেরা করেছে পুলিশ। সেই তালিকায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর শেষ ছবির নায়িকা সঞ্জনা সাংহি, যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা, নেটফ্লিক্সের পরিচালক আশিস সিং প্রমুখ রয়েছেন। জানা গিয়েছে তাঁর পরিবারের লোকদেরও জেরা করা হবে। এর মধ্যেই জানা গিয়েছে সুশান্তের মৃত্যুর অনেক আগেই তাঁর উইকিপিডিয়ায় লেখা ছিল আত্মহত্যা করেছেন অভিনেতা। এটা কী ভাবে হল, সেটাই ভাবাচ্ছে পুলিশকে।