দ্য ওয়াল ব্যুরো: বিয়ের ৩৮ বছর পরে বোধহয় এমনটাই হয়। লাঞ্চ ডেটে গিয়ে স্বামী ব্যস্ত থাকেন ফোন নিয়ে। আর স্ত্রী আপন মনে সেলফি তুলে যান।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করেছেন নীতু সিং। আপাতত নিউ ইয়র্কেই রয়েছে ঋষি কাপুর। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। সঙ্গে রয়েছেন স্ত্রী নীতুও। এর মধ্যেই একদিন লাঞ্চ ডেটে গিয়েছিলেন কাপুর সম্পতি। বিয়ের ৩৮ বছর হয়ে গিয়েছে তাঁদের। এতদিন একসঙ্গে সংসার করছেন বলিউডের এই দুই তারকা। নিজেদের সফল রিলেশনশিপ সেলিব্রেট করতেই লাঞ্চ ডেটে গিয়েছিলেন ঋষি এবং নীতু।
আর সেখানে গিয়েই একটি ছবি তুলেছেন ঋষিপত্নী। যেখানে দেখা গিয়েছে, টেবিলে বসে একমনে ফোন ঘাঁটতে ব্যস্ত রয়েছেন ঋষি কাপুর। আর উল্টো দিকে বসে পোজ দিয়ে সেলফি তুলছেন নীতু সিং।
https://www.instagram.com/p/BstNskkgveW/
গত সেপ্টেম্বরেই টুইট করে ঋষি কাপুর জানিয়েছিলেন, চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছেন তিনি। ভক্তদের কাছে অনুরোধ করে বলেছিলেন, “অযথা কেউ চিন্তা করবেন না। গুজব ছড়াবেন না। ৪৫ বছর ধরে আপনাদের ভালোবাসার জোরেই ইন্ডাস্ট্রিতে রয়েছি। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় খুব তাড়াতাড়িই দেশে ফিরবো।” এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ঋষির একটি ছবি। সেখানে ধূসর রংয়ের চুলে খানিকটা যেন বুড়োটে লাগছিল অভিনেতাকে। আর তাতেই শুরু হয়েছিল জল্পনা। চিকিৎসার কারণেই ঋষি কাপুরের চুলের রঙ পালটে গিয়েছে কিনা সে প্রশ্ন জেগেছিল অনেকেরই মনে। তবে অভিনেতা নিজেই জানিয়েছিলেন, আগামী ছবির লুকসের জন্য চুলের রঙ পাল্টেছেন তিনি।
এ দিকে নতুন বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় সুখী কাপুর পরিবারের একটি ছবি শেয়ার করেছিলেন নীতু । ‘হ্যাপি ফ্যামিলি’-র সেই ফ্রেমে নীতুর সঙ্গে ছিলেন ঋষি কাপুরও। ছিলেন রণবীর, তাঁর বোন ঋদ্ধিমা। হাজির ছিলেন আলিয়াও। ইনস্টাগ্রামে ওই ছবি শেয়ার করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন নীতু। সেইসঙ্গে লিখেছিলেন, আগামী দিনে ক্যানসার যেন কেবল একটা রাশিরই নাম হয়।
নীতুর এই পোস্টের পরেই শুরু হয় জল্পনা। অনেকেই ধরে নিয়েছিলেন মারণ রোগ ক্যানসারেই আক্রান্ত হয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। যদিও এ বিষয়ে বিস্তারিত ভাবে কিছুই জানাননি ঋষি বা তাঁর পরিবারের কেউ। কী অসুখ হয়েছে অভিনেতার তাও জানা যায়নি। তবে ঋষি কাপুরের দাদা রণধীর কাপুর জানিয়েছিলেন, তাঁর ভাই সুস্থই রয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রণধীর বলেন, “আমি বেশি কিছু জানি না। তবে এটা জানি যে ঋষি ভালো আছে। খুব তাড়াতাড়িই দেশে ফিরবে ও।” এর পাশাপাশি ঋষি কাপুরের অসুস্থতা নিয়ে রটা গুজবের বিরুদ্ধেও কড়া ভাষায় সমালোচনা করেছেন রণধীর। তাঁর কথায়, “যাঁর যা ইচ্ছে বলুন। আমরা সবাই ঋষির দেশে ফেরার জন্যই এখন অপেক্ষা করছি।”