দ্য ওয়াল ব্যুরো: বাবা-ছেলে এই প্রথমবার একসঙ্গে। বাবা কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনা করবেন। আর ছেলে উজান গঙ্গোপাধ্যায় সেই ছবিতে অভিনয় করবেন। প্রযোজনায় আবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের 'উইনডোজ প্রোডাকশন'। সব মিলিয়ে সেলুলয়েডে যে জমজমাট কিছু দেখা যাবে সে ব্যাপারে নিশ্চিত দর্শকরা। সঙ্গে বেশ কিছু নামিদামি পুরস্কার আসবে, তেমনটাও ভেবে নিয়েছেন অনেকেই।
ছবির নাম 'লক্ষ্মী ছেলে'। উইনডোজ প্রোডাকশনের সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এটাই প্রথম কাজ। তবে উজান এক্ষেত্রে পুরনো খেলোয়াড়। কারণ এই হাউসের ছবি 'রসগোল্লা'-তেই ডেবিউ করেছেন তিনি। পাভেলের পরিচালনায় সে ছবিতে নবীন ময়রার চরিত্রে তাঁর অভিনয় প্রশংসাও কুড়িয়েছিল দেদার। সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে নতুন ছবির কথা ঘোষণা করেছে উইনডোজ প্রোডাকশন। এ ছবিতেও মূল চরিত্রে অভিনয় করবেন উজান। তবে ছবির বাকি কাস্টিং কিংবা শ্যুটিং অথবা গল্প, সবটাই গোপনে রেখেছেন পরিচালক-প্রযোজক জুটি।
তবে বাবা-ছেলের জুটি যে দর্শকদের দারুণ কিছু উপহার দেবেন এ ব্যাপারে নিশ্চিত কৌশিক গঙ্গোপাধ্যায়ের ভক্তরা। জানা গিয়েছে, তরুণ প্রজন্মকে নিয়ে সমাজের ভাবনা চিন্তা এবং সে সব আদতে কতটা প্রাসঙ্গিক সেটাই দেখানো হবে এই সিনেমায়। সূত্রের খবর, এ বছর অগাস্ট মাসেই শুরু হবে শ্যুটিং। আন্দাজ আগামী বছরেই দর্শকদের জন্য ধামাকা উপহার নিয়ে হাজির হবেন শিবপ্রসাদ-নন্দিতা-কৌশিক জুটি। সঙ্গে যোগ্য সঙ্গত দেবেন উজান এবং ছবির বাকি কলাকুশলীরা।
দেখে নিন ছবির পোস্টারের ফার্স্ট লুক।