দ্য ওয়াল ব্যুরো: এর আগে এসেছিলেন প্রথম একশো জনের মধ্যে। এ বার এলেন প্রথম দশ জনের মধ্যে। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সেলিব্রেটিদের তালিকায় প্রথম দশজনের মধ্যে এ বার নাম লেখালেন অক্ষয় কুমার এবং সলমন খান। অক্ষয় রয়েছে ৭ নম্বরে। আর ভাইজান রয়েছেন ৯ নম্বরে।
তবে ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত এই তালিকায় প্রথম দশে জায়গা পাননি বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। এমনকী প্রথম দশে নেই কোনও অভিনেত্রীও। এর আগে অবশ্য প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন জায়গা করে নিয়েছিলেন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সেলিব্রেটিদের তালিকায়। তবে এ বার দেখা মেলেনি কোনও অভিনেত্রীর। এমনতেই বলিউডে অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিকের ফারাক নিয়ে অনেক কথাই প্রচলিত রয়েছে। আর চলতি বছরে ফোর্বস প্রকাশিত তালিকা এই জল্পনাকে আরও খানিকটা উস্কে দিল বলেই মনে করছে টিনসেল টাউন।
এর আগের প্রকাশিত তালিকায় শীর্ষে ছিলেন বক্সার ফ্লয়েড মেওয়েদার। দ্বিতীয় স্থানে ছিলেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। তবে নতুন প্রকাশিত তালিকায় এক ধাপ এগিয়ে আপাতত শীর্ষে রয়েছেন জর্জ।