
শেষ আপডেট: 18 March 2019 10:08
রিলিজ হয়েছে 'কলঙ্ক' ছবির প্রথম গান। পর্দায় ঝলক মিলেছে মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানের। কিন্তু কাকে ছেড়ে কাকে দেখবেন? সুরমা চোখের বরুণ (জাফর), ভুবনভোলানো হাসি নিয়ে মাধুরী (বাহার বেগম) নাকি কত্থকের স্টেপে তাক লাগিয়ে দেওয়া আলিয়া ভাট (রূপ)-----কে দর্শকদের মন জয় করলেন বলা মুশকিল। চোখ ফেরানোর উপায় নেই কারও দিক থেকেই। গান রিলিজের পর থেকে প্রায় সকলেই বলছেন, কেবল অভিনয় নয়, নাচেও বেশ পটু হয়ে গিয়েছেন মহেশ ভাটের কন্যা আলিয়া। স্ক্রিনে ড্যান্সিং কুইন মাধুরীর সঙ্গে রীতিমতো পাল্লা দিয়েছেন তিনি। ভজনের ফ্লেভার আর তবলার অনবদ্য রিদমের মিশেলে এই গানে জাদু তৈরি করেছেন সুরকার প্রীতম। সঙ্গে শ্রেয়া ঘোষাল এবং বৈশালী মহাদে'র মিষ্টি সুরেলা কন্ঠ নিঃসন্দেহে আরাম দেবে দর্শকদের কানে। সব মিলিয়ে 'পারফেক্ট ম্যাজিকাল মোমেন্ট'।
তবে সেমি ক্ল্যাসিকাল এই গানের আসল আকর্ষণ বিলাসবহুল সেট এবং মাধুরী-আলিয়া জুটির কত্থক। সিনেমার দৃশ্য অনুযায়ী রূপের নাচে মোহিত বাহার বেগমও। বিস্ময় এবং মুগ্ধতার চোখে অপলক দৃষ্টিতে মাধুরী দেখছেন আলিয়ার নাচের স্টেপস------কেবল পর্দায় নয়, বাস্তবে রিহার্সালের সময়েও এমনটা হয়েছে বলেই বিশ্বাস দুই তারকার অনুরাগীদের। দু'পক্ষই বলছেন, কেউ কাউকে মাত দেওয়ার চেষ্টা করেননি। বরং নিজেদের সেরাটুকু দিয়ে জীবন্ত করে তুলেছেন চরিত্রদের।
প্রসঙ্গত, বাহার বেগমের চরিত্রে অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর। কিন্তু শ্রী'র আচমকা মৃত্যুর পর ঠিক হয় এই চরিত্রে অভিনয় করবেন মাধুরী দীক্ষিত। কিছুদিন আগেই মাধুরী বলেছিলেন, "আমি আমার কাজটা করেছি। আশা করি শ্রী আমার কাজে গর্বিত হবে।" 'কলঙ্ক'-এর প্রথম গানের ঝলকেই মাধুরী বুঝিয়ে দিলেন শ্রীদেবীর যথাযোগ্য সম্মান রেখেছেন তিনি। মাধুরীর কামব্যাক পারফরম্যান্সে মুগ্ধ তাঁর ফ্যানরাও।
তবে এই রিদমিক গানে সবকিছুকেই যেন ছাপিয়ে গিয়েছেন আলিয়া ভাট। কস্টিউম থেকে লুকস, নাচের স্টেপস থেকে গালে টোল ফেলা হাসি, কিংবা এক্সপ্রেসন------সবেতেই একদম ১০০ তে ১০০। গানের দৃশ্যে দেখানো হয়েছে রামায়ণের বিভিন্ন পর্যায়ের ঝলক। সেই সঙ্গে দেখানো হয়েছে বাহার বেগমের কাছে তালিম নিতে গিয়ে প্রথমেই কী ভাবে মন জয় করবেন রূপ। তবে শুধু বাহার বেগম নন রূপের আদব-কায়দায় আপাতত ফিদা পুরো টিনসেল টাউন।
দেখুন ভিডিও
https://www.youtube.com/watch?v=Fdk3brbEkPw